কর্পোরেট আইডেন্টিটি ডিজাইনে স্বর্ণপদক পেলেন সব্যসাচী
‘কনকয়েরার কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন কনটেস্ট-২০১৫’ এ পেশাদার বিভাগে স্বর্ণপদক পেয়েছেন শিল্পী সব্যসাচী হাজরা।
বুধবার বিকালে গুলশানের এজ গ্যালারিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ১২ জন শিল্পী পুরস্কার পেয়েছেন বলে আয়োজক প্রতিষ্ঠান পেপার স্টুডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিযোগিতায় উৎসাহমূলক পুরস্কার পেয়েছেন শিল্পী রাশেদ চৌধুরী।এছাড়া শিক্ষার্থী বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী তাসফিয়া জাহান দিদিন স্বর্ণপদক জিতেছেন ।
বিচারক ছিলেন চিত্রশিল্পী খালেদ মাহমুদ, স্থাপত্যবিদ সালাহউদ্দিন আহমেদ, নকশাকার লরা বোনাপেস, ইউসুফ হাসান, কর্পোরেট আইডেন্টিটি ভিশনারি ইফতেখার আ. খান, মুদ্রণ বিশেষজ্ঞ ও চিত্রগ্রাহক আরিফুর রহমান মুনির, নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের নকশা নিয়ে ১০ থেকে ১৩ মার্চ গুলশানের এজ গ্যালারিতে প্রদর্শনী চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
