২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় গিয়ে দুর্দশায়, তারপর কারাগারে ২৭ বাংলাদেশি

মালয়েশিয়ার পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে, যারা পাচারকারীদের প্রায় তিন লাখ টাকা করে দিয়েছিলেন চাকরির আশায়।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 02:11 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

মালয়েশিয়ার স্টার অনলাইনের এক খবরে বলা হয়, মঙ্গলবার পেনাং পুলিশের ওই অভিযানে সন্দেহভাজন তিন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়।

পত্রিকাটি লিখেছে, গত এক মাসের বেশি সময় এই ২৭ বাংলাদেশি প্রতিদিন খাবার হিসেবে পেয়েছেন কেবল রুটি আর পানি। প্রতি রাতে তাদের ঘুমাতে হতো ঠাণ্ডা মেঝেতে।  

স্টার অনলাইনের বিবরণ অনুযায়ী, এই বাংলাদেশিরা ২ ফেব্রুয়ারি কুয়ালা লামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর এজেন্ট তাদের নিয়ে যায় শাহ আলম গ্রুপে। কিন্তু কাগজপত্র ঠিক না থাকায় কারখানা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। 

কুয়ালা লামপুর থেকে তাদের নিয়ে যাওয়া হয় জোহর বারুতে। সেখানেও তারা প্রত্যাখ্যাত হন। গত সোমবার তারা পেনাংয়ে পৌঁছালে পুলিশের কাছে খবর যায়।

এরপর ২৭ বাংলাদেশি এবং তাদের সঙ্গে থাকা তিন মালয়েশীয় ‘দালালকে’ আটক করে পাঠানো হয় কারাগারে। 

এর মধ্যে তামান দেসা মুরনির একটি কারখানা ভবনে অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়।

পাচারকারী দলের সন্দেহভাজন তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যে বেগানলাগানের একটি ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয় আরও দশ বাংলাদেশিকে।

পেনাং পুলিশের কামান্ডার আবদুল গফর রজবকে উদ্ধৃত করে স্টার অনলাইন লিখেছে, ঠিকমতো খাবার না পাওয়ায় আটক বাংলাদেশিরা সবাই বেশ দুর্বল হয়ে পড়েছে।

“তাদের কারও কাছেই ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। ছিল কেবল তাদের পাসপোর্টের ফটোকপি। সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।”

এই পুলিশ কর্মকর্তা জানান, তিন সন্দেহভাজন পাচারকারীকে ২৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আরেক সহযোগীকে খোঁজা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ১৫ লাখ বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়া সরকার একটি চুক্তি করলেও পরদিনই বিদেশি শ্রমিক নেওয়া স্থগিতের ঘোষণা দেয় দেশটি। এরপর বিভিন্ন শহরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিককে আটক করা হয় অবৈধ অভিবাসনের অভিযোগে। 

পুরনো খবর:

মালয়েশিয়ায় এক রাতেই ৯৭১ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ‘মেয়াদোত্তীর্ণদের জায়গায় যাবে বাংলাদেশিরা’