২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের উপস্থিতির তথ্য দিতে নারাজ সংসদ সচিবালয়

সংসদ সদস্যরা কে কতদিন অধিবেশনে হাজির ছিলেন- সেই তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 12:37 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

তথ্য অধিকার আইনের নিয়ম অনুসরণ করে গত বছর ১৭ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের পক্ষ থেকে এক আবেদনে দশম জাতীয় সংসদের প্রথম থেকে অষ্টম অধিবেশন পর্যন্ত সংসদ সদস্যদের হাজিরা সম্পর্কিত তথ্য চাওয়া হয়।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ২৫ দিন পর জানানো হয়, ২০০৯ সালের তথ্য অধিকার আইনের ৭ ধারা অনুযায়ী ওই তথ্য দেওয়া যাবে না।

তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় ২০টি উপধারা রয়েছে। এর মধ্যে ‘থ’ উপধারাটি সংসদ সংশ্লিষ্ট। সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদের ‘বিশেষ অধিকারহানির’ কারণ হতে পারে এমন তথ্য কর্তৃপক্ষ নাগরিকদের দিতে বাধ্য নয়।

তথ্য না দেওয়ার ক্ষেত্রে সংসদ সচিবালয়ের এই যুক্তির সঙ্গে একমত নন সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংবিধানে সংসদ সদস্যদের বিশেষ অধিকার বিষয়ে যা বলা হয়েছে, তার প্রত্যেকটি আদালত সম্পর্কিত। সংসদ সদস্যদের উপস্থিতির তথ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

“আমি যখন তথ্য কমিশনার ছিলাম, তখনও অনেকে সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে তথ্য জানতে চেয়েছেন। সে সময় সংসদ থেকে গড়িমসি করা হয়েছিল।”

২০০৯ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম।

তিনি বলেন, জাতীয় সংসদের সদস্যের উপস্থিতির তথ্য জানার অধিকার নাগরিকের রয়েছে। বিষয়টি সংসদ সচিবালয় এড়াতে পারে না।জনগণের নির্বাচিত প্রতিনিধির তথ্য জনগণকে জানাতে হবে।

“তিনি নির্বাচিত প্রতিনিধি এবং ট্যাক্স পেয়ারের পয়সায় তার সবকিছু চলছে। উপস্থিতির মাধ্যমেও তার স্বচ্ছতা-জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট হয়। তথ্য অধিকার আইনের লক্ষ্যই হচ্ছে স্বচ্ছতা-জবাবদিহিতা-দুর্নীতি হ্রাস করা। একজন এমপি সংসদে কতদিন যান সেটা জানার অধিকার নাগরিকের আছে।”

সাংসদদের বিশেষ অধিকারের সঙ্গে এর কোনো বিরোধ নেই বলে মনে করেন অধ্যাপক সাদেকা হালিম।

“আপনি যদি আমার ডিপার্টমেন্টে চেয়ারের কাছে জানতে চান, সাদেকা হালিম আজকে ক্লাসে গেছে কি না- সেটা আপনি একশবার জানতে চাইতে পারেন। আমি ট্যাক্স পেয়ারের টাকায় শিক্ষকতা করি।”

হাজিরার তথ্য দিতে সংসদ সচিবালয় অপারগতা জানানোর পর সংসদের বিশেষ অধিকার কোনগুলো- তার তালিকা চেয়ে

তথ্য অধিকার আইনে আবারও আবেদন করা হয় ১৩ জানুয়ারি।

জবাবে ২১ জানুয়ারি সংসদ সচিবালয়ের আইন শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ৭৮ (৫) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের, সংসদের কমিটি সমূহের এবং মাননীয় সংসদ সদস্যদের বিশেষ অধিকার সম্পর্কিত কোনো আইন এখনও প্রণয়ন করা হয়নি।

তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ১ থেকে ৪ দফায় সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি সম্পর্কে বলা রয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৪, ১৭৫,২০২ ও ২০৩ বিধিতে কিছু অধিকারের উল্লেখ রয়েছে।

কার্যপ্রণালি বিধির ১৭৪ ও ১৭৫ বিধিতে স্পিকারের অনুমতি ছাড়া সংসদ সীমার মধ্যে কাউকে গ্রেপ্তার ও পরোয়ানা জারির বিষয়ে বলা হয়েছে। এছাড়া ২০২ ও ২০৩ বিধিতে কমিটিতে সাক্ষী ও দলিল তলব করার কথা রয়েছে।

সংসদ সদস্যদের হাজিরার তথ্য সম্পর্কে এসব বিধিতে কিছু নেই।

সাদেকা হালিম বলেন, “সাবেক তথ্য কমিশনার হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি, তথ্য অধিকার আইনের ৭ ধারার কিছু উপধারাকে তথ্য না দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এগুলো কৌশল। তথ্য অধিকার আইনের ৩ ধারায় বলা আছে, ‘তথ্য প্রদানে বাধা সংক্রান্ত বিধানাবলী এই আইনের বিধানাবলীর সঙ্গে সাংঘর্ষিক হলে এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে’।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ যদি কোন তথ্য না দেয় তাহলে তার কারণ দেখাতে হবে। আইন অনুযায়ী কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ এলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারব।”