ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে ‘জেএমবি সদস্য’ নিহত
রাজধানীর খিলগাঁও এলাকায় ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
নিহত পিয়াস পিয়াস (৩৫) নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে রেললাইনের ধারে গুলিতে নিহত পিয়াসের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট।
খিলগাঁও থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দলের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে ওই যুবক আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা এবং কিছু বিস্ফোরক উদ্ধার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম জানান।
গোয়েন্দা পুলিশের (ঢাকা দক্ষিণ) উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিদমাহ হাসপাতালের পাশে জেএমবি সদস্যদের অবস্থান করার খবর পেয়ে তারা সেখানে অভিযানে যান।
“গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ওই যুবক গুলিবিদ্ধ হয়।”
খালেদ বলেন, “পিয়াস বয়সে ছোট হলেও সে বিভিন্ন সময়ে জেএমবির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এক সময়ে চট্টগ্রামের জেএমবির সামরিক শাখার গুরুত্বপূর্ণ নেতা ছিল।”
গত বছরের অক্টোবরে চট্টগ্রামে ব্যাংক ডাকাতি করতে গিয়ে আহত হওয়ার পর পিয়াস ঢাকায় চলে এসেছিলেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা খালেদ।
“জেএমবিতে লোকজন রিক্রুট করার দায়িত্ব পালন করত সে। হোসনি দালানে জেএমবির যে দলটি অংশ নিয়েছিল তার সঙ্গে পিয়াসের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।”
খালেদ বলেন, সম্প্রতি জেএমবির একটি অংশ পিয়াসকে জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক শাখা প্রধানের দায়িত্ব দিতে চেয়েছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
