তারেক সাঈদের আবেদন শুনতে ‘বিব্রত’ হাই কোর্ট
সাত খুনের অন্যতম আসামি তারেক সাঈদের ওই আবেদন সোমবার বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের আদালতে তোলা হলে একজন বিচারক ‘বিব্রত’ বোধ করার কথা জানান।
নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনিই পরবর্তী বেঞ্চ ঠিক করে দেবেন।
তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া জানান, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় যে দুটি মামলা করা হয়েছিল, তার মধ্যে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে তারা এই আবেদন করেন।
এই আইনজীবী বলেন, ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি হয়। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। এই যুক্তিতে দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে গত ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ওই হত্যাকাণ্ডে র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদসহ তার সহকর্মীরা কে কীভাবে জড়িত ছিলেন, তার বিবরণ বাহিনীর নিজস্ব তদন্তে উঠে আসে।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে দুই মামলারই স্বাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার নারায়ণগঞ্জের আদালতে চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম হত্যা মামলার বাদী বিজয় কুমার পালকে জেরা করেন র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানা ও আরিফ হোসেনের আইনজীবী।
তবে নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীরা জেরা না করায় আদালত বিজয় পালের সাক্ষ্য সমাপ্ত হয়েছে বলে ঘোষণা করেন।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, জেরার আগে তারেক সাঈদের আইনজীবী উচ্চ আদালতে মামলা বাতিলের আবেদনের বিষয়টি তুলে ধরে সাক্ষ্য স্থগিতের আবেদন করে। এতে বিচারক বিকেল ৩টা পর্যন্ত শুনানি মুলতবি করেন।
বিকালে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হলেও আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতের কোনো আদেশ বা নির্দেশনা দেখাতে ব্যর্থ হন। এ সময় আদালত বাদীকে জেরার জন্য নূর হোসেন ও তারেক সাঈদের আইনজীবীদের নির্দেশ দিলেও তারা জেরা করতে অস্বীকৃতি জানান।
পরে আদালত জেরা সম্পন্ন হয়েছে ঘোষণা দিয়ে মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ১৪ মার্চ দিন নির্ধারণ করেন বলে জানান পিপি ওয়াজেদ আলী।
এদিকে বাদীকে জেরা করার জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি তারেক সাঈদের আইনজীবী সুলতানুজ্জামান।
তিনি বলেন, তারেক সাঈদের পক্ষে উচ্চ আদালতে করা একটি রিট পিটিশনের আদেশ না হওয়ায় এই আদালতের বিচারকের কাছে মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছিলাম। কিন্তু আদালত আমাদের আবেদন খারিজ করে দেওয়ায় আমরা সাক্ষীকে জেরা করা থেকে বিরত থাকি। আমরা উচ্চ আদালতে যাবো ।
কারাগারে থাকা এ মামলার ২৩ আসামির সবাইকেই এদিন নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুই মামলায় অভিযোগ গঠন করে ৪২ আসামির বিচার শুরু করে আদালত। আসামিদের মধ্যে র্যাবের বরখাস্ত আট সদস্যসহ মোট ১২ জন পলাতক।
