২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে ‘বাচ্চা চুরির’ অভিযোগে তরুণী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীর বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এক তরুণীকে আটক করেছেন আনসার সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার বিকালে বার্ন ইউনিটের প্রধান ফটক থেকে পপি আক্তার নামে ২০ বছর বয়সী ওই তরুণীকে আটক করা হয়।

“আয়শা নামে দেড় বছর বয়সী এক শিশুকে নিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাকে আটক করেন।”

আয়শার বাবা সবুজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস ছয়েক আগে যশোরের চৌগাছা থেকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন। সবুজের স্ত্রী রেহানা বেগম তখন থেকেই মেয়েকে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, বৃহস্পতিবার রেহানার সঙ্গে পপি পরিচিত হন। তিনি জানান, তার এক আত্মীয় হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা নিচ্ছেন। আয়শাকে আদর করে কথা-বার্তা বলে রেহানার সঙ্গে সহজ হয়ে যান তিনি।

“আজ বিকালে পপি আবার বার্ন ইউনিটে যায়। এক পর্যায়ে রেহানা বাচ্চা রেখে টয়লেটে গেলে পপি ওই সুযোগে আয়শাকে নিয়ে পাঁচতলা থেকে নেমে আসে। এদিকে টয়লেট থেকে বেরিয়ে আয়শা আর পপিকে না দেখে চিৎকার শুরু করেন রেহানা। এরপর বার্ন ইউনিটের প্রধান ফটকে আনসার সদস্যরা পপিকে আটক করেন।”

পরিদর্শক মোজাম্মেল বলেন, পপিকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। শিশুটির পরিবার থানায় একটি মামলা করবে বলে জানিয়েছে।