ফেইসবুকে প্রতারণা: ঢাকায় বিদেশিসহ আটক ১৪
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র্যাব।
বিদেশিদের মধ্যে নাইজেরিয়ার আট জন, ক্যামেরুনের তিন জন ও কঙ্গোর এক নাগরিক রয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আন্তর্জাতিক সাইবার প্রতারকচক্রটি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।”
নাইজেরীয়রা হলেন- আইব্যা (৩০), কেসি (৩০), অ্যাডইউন (৩৫), ইমনোয়ার (৩৩), কসমডস আলকুজমুজিন ওকিউলিজি (৫১), জোসোয়া (২৭), ইব্রাহিম (২৭), বিসেন্স (২৯)।বাকিদের মধ্যে ওসমান (২৯), সানজো (৩৬), আনট প্রিজো (৪২) ক্যামেরুনের এবং জাসোনামা (৪১) নামে কঙ্গোর এক নাগরিক রয়েছে।
আর বাংলাদেশি দুজন হলেন- মামুন মোবারক (৩৮) ও সুলতান মাহমুদ (২৬)।
“তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ওয়াইফাই, পাওয়ার ব্যাংক ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছে বিপুল পরিমাণ ডলার ও টাকা পাওয়া গেছে, যেগুলো তারা বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করতো।
“আটক বিদেশিদের বাংলাদেশে অবস্থানের পক্ষে বৈধ কোনো কাগজপত্র নেই। তাদের বক্তব্যে প্রতীয়মান হয়, তারা ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করে নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িত।”
এদের আইব্যা ও কেসি অনর্গল বাংলায় কথা বলতে পারে বলেও জানান তুহিন মাসুদ।
তাদের প্রতারণার ধরন ব্যাখ্যা করে এই র্যাব কর্মকর্তা বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সম্পদশালী নারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে বিদেশ থেকে উপহার পাঠানোর কথা বলে তা শুল্ক বিভাগ থেকে ছাড়ানোর জন্য টাকা হাতিয়ে নেয় এই চক্র। আর এসব প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে ও মোবাইল ফোনের মাধ্যমে।
সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক ধরা পড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সাংবাদিকদের বলেছিলেন, “বিদেশিদের মনিটর করছি। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের নোটিস দেওয়া হচ্ছে; তারা ভিসার মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।”
বিদেশিদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা কাউকে নজরদারির বাইরে রাখছি না- সে যেই হোক।”
