হকার পেটানোর অভিযোগ ঢাকা কলেজের ছাত্রদের বিরুদ্ধে
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের হামলায় কয়েকজন হকার আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বলাকা প্রেক্ষাগৃহের কাছে ওই হকারদের পেটানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির ধানমণ্ডি জোনের পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন নিউ মার্কেট এলাকায় কোনো হকার নেই। তবে কিছু হকার হেঁটে হেঁটে কিছু বিক্রি করে। পুলিশ দেখলে দৌড়ে পালায়।
“এদের কাছে ঢাকা কলেজের কিছু ছাত্র চাঁদা টাকা দাবি করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা না দেওয়ায় সন্ধ্যায় ১০/১৫ জন ছাত্র এসে তাদেরকে মারধর করলে তিনজন আহত হন।”
আহত হকাররা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
