ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে ৯ মাছ বিক্রেতার দণ্ড
রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে নয় মাছ বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার র্যাব সদস্যদের নিয়ে পরিচালিত এ অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম নেতৃত্ব দেন বলে এই বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নেয়ামত আলী শেখ, মো. আলাউদ্দিন গাজী, মো. বাবুল সর্দার, মো. কিবরিয়া, রুবেল ইসলাম ও দীপক দেবনাথ।
আর কারাদণ্ডপ্রাপ্ত বাবুলের তিন সহযোগী পিন্টু হাওলাদার, আজিজুল হক লেবু ও আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এতে বলা হয়, চিংড়ির দেহে জেলি জাতীয় এক ধরনের পদার্থ ঢুকিয়ে ওজন বাড়িয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় নেয়ামত আলী ও আলাউদ্দিনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এসময় দুই টন জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
এছাড়া চার থেকে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের জাটকা বিক্রি করার অপরাধে বাবুল সর্দারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়; আর বাবুলের সহযোগী পিন্টু হাওলাদার, আজিজুল হক ও আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তাদের হেফাজত থেকে এক টন জাটকা জব্দ করা হয়ে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আর আফ্রিকার নিষিদ্ধ মাগুর মাছ বিক্রি করার অপরাধে কিবরিয়া ও রুবেল ইসলামকে ১৫ দিন করে এবং দীপককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে অন্যদের র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার আ ত ম আব্দুল্লাহেল হাদী ও মৎস কর্মকর্তা আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
