ইউপি ভোট: শেখ হাসিনার বিলম্বিত প্রত্যয়ন নেয়নি ইসি
পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদে প্রথম যাদের নৌকা প্রতীকের প্রত্যয়ন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, পরে তাদের বাদ দিয়ে অন্য দুজনকে চেয়ারম্যান প্রার্থী করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু দেরির কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রত্যয়নপত্রটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। ফলে ওই দুটি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে তারাই প্রার্থী হচ্ছেন, যাদের আওয়ামী লীগ চায়নি। যাকে চেয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
দুই রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগ সভানেত্রীর দ্বিতীয় প্রত্যয়নপত্রটি পাওয়ার পর বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়ে জানিয়েছিলেন। বুধবার কমিশন সচিবালয় এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেয়, আইনগতভাবে এখন আর কিছু করার নেই।
নির্বাচন বিধি অনুযায়ী, একই ইউপিতে চেয়ারম্যান পদে দলের একাধিক প্রার্থী হলে সবার মনোনয়নপত্র বাতিল হবে।
প্রথমধাপে ৭৩৪ ইউপিতে ভোট হবে ২২ মার্চ। এসব ইউপিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ২২ ফেব্রুয়ারি; বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ বুধবার।
এসব ইউপিতে দলীয় সভানেত্রী হিসেবে শেখ হাসিনা চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দিয়েছেন।
পটুয়াখালীর পাঙ্গাশিয়ার রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, শেখ হাসিনার প্রত্যয়ন নিয়ে মো. আলমগীর হোসেন গত ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে এই প্রার্থী বৈধ বলে টিকেও যান।
একই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২০ ফেব্রুয়ারি আলমগীরকে বাদ দিয়ে নজরুলকে মনোনয়ন দেন শেখ হাসিনা। তার স্বাক্ষরিত পত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২৫ ফেব্রুয়ারি আসে বলে মোজাম্মেল জানান।
এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তা জটিলতার পড়লে নির্দেশনা চেয়ে ইসিতে চিঠি দেন পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর।
ইসির উপ সচিব মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়নপত্র জমা শেষ, বাছাইও হয়েছে। প্রার্থী প্রত্যয়নের বিষয়ে বিলম্বে পাওয়া কোনো বিষয় রিটার্নিং অফিসারের আমলে নেওয়ার সুযোগ নেই।”
খুলনার সুরখালীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আ. হাদী সরদার মনোনয়নপত্র জমা দেন ২২ ফেব্রুয়ারি। বাছাইয়ে তিনি বৈধ প্রার্থী হয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী মো. মুসফিকুর রমজানও বাছাইয়ে বৈধতা পেয়েছেন।
২৮ ফেব্রুয়ারি মুসফিককে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করে নতুন প্রত্যয়নপত্র আসে রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমানের কাছে। তিনিও ইসি সচিবালয়ের কাছে নির্দেশনা চেয়েছেন।
ইসির এক উপ সচিব বলেন, পাঙ্গাশিয়ার মতো সুরখালীতেও একই নির্দেশনা দেওয়া হবে। নতুন করে প্রার্থী বদলের কোনো সুযোগ নেই এবং রিটার্নিং কর্মকর্তার করারও কিছু নেই।
এর আগে গত ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে একটি পৌরসভায় প্রার্থী বদল করে স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রার্থী করার প্রত্যয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তবে দেরিতে হওয়ায় তা আমলে নেয়নি ইসি।
প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হচ্ছে এবার। দলীয় প্রার্থী বাছাই নিয়ে দলগুলোকেও হিমশিম খেতে হচ্ছে।
