হুমায়ুন আজাদ হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি বইমেলায়
লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে অমর একুশে বইমেলায়।
শনিবার বিকালে বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে এই মানববন্ধন আয়োজন করে ‘লেখক, প্রকাশক ও পাঠকরা’।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে মৌলবাদী শক্তির হামলা শিকার হয়ে একই বছরের ১১ অগাস্ট জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেখক অধ্যাপক আজাদ।
ওই হামলার কারণেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মৃত্যু হয় বলে তার ছাত্রছাত্রী ও পাঠকদের ধারণা।
সমাবেশে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “বারেবারে মৌলবাদী-উগ্রবাদী শক্তি আমাদের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করে চলেছে। তারা আমাদের হুমায়ুন আজাদ, লেখক অভিজিৎ ও প্রকাশকক দীপনকে হত্যার ঘটনা ঘটিয়েছে।
“প্রয়োজনে আমরা এই সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামব, মিছিল করব। আমি চাই যুদ্ধাপরাধীদের বিচারের মতো এই ধরনের হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।”
“তিনি (হুমায়ুন আজাদ) মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন। পাকিস্তানিদের ভিত্তি নাড়িয়ে তিনি যে বইটি লিখেছেন- সেজন্য মূলত তাকে মৌলবাদী শক্তি আঘাত করেছিল। এ আঘাতে তিনি আমাদের ছেড়ে চলে যান।
“স্বাধীন এবং অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে আমরা মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম করেছি। সেই সংগ্রাম আমাদের এখনো অব্যাহত আছে, থাকবে।”
সমাবেশে হুমায়ুন আজাদকে ‘প্রথাবিরোধী’ লেখক বলে আখ্যায়িত করে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি।
তিনি বলেন, “২০০৪ সালে এই প্রথাবিরোধী লেখক মারা যাওয়ার পর এখনো তাকে পাঠকরা গ্রহণ করছে। তার বইয়ের প্রতি এখনো মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ মুক্তচিন্তার দিকে ঝুঁকছে।
“কয়েক মাসের মধ্যে এই হত্যাকাণ্ডে বিচারের রায় হওয়ার কথা আমরা শুনছি। সেই রায়ে হত্যাকারীদের যেন সঠিকভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সে দাবি আমরা করছি।”
আগামী প্রকাশনীর এই স্বত্ত্বাধিকারী বলেন, “মৌলবাদী শক্তি আমাদের মুক্তিচিন্তা ও মুক্তমত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। এটা আমরা প্রতিহত করব, হতে দেব না।”
কবি মুহম্মদ সামাদ বলেন, “যেভাবে শিশু হত্যার বিচার দ্রুত হচ্ছে সেভাবে প্রথাবিরোধী লেখক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আমাদের সহকর্মী-সহযোদ্ধার এ হত্যার বিচার অতি দ্রুত শেষ করার দাবি জানাই।
লেখক ও প্রকাশক ছাড়াও জাতির মঙ্গলের জন্য এই বিচার দ্রুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
কবি নাসির আহমেদ বলেন, “হুমায়ুন আজাদ হত্যা মামলাটি আজ ১১ বছর ধরে ঝুলে আছে। এই সময়ে আমরা বিচারের প্রতীক্ষায় আছি। আমরা আর অপেক্ষা করতে চাই না। দ্রুত সময়ের মধ্যে এর শেষ চাই।”
সমাবেশে অন্যদের মধ্যে কবি আসলাম সানীও বক্তব্য দেন।
