সচিব ত্রিপুরার চাকরির মেয়াদ বাড়ল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।
সাবেক এই পুলিশ কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী ১ মার্চ বা যোগদানের তারিখ থেকে সচিব হিসেবেই চুক্তিতে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ত্রিপুরাসহ চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙ্গিয়ে সরকার হাসান মাহমুদ খন্দকারকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দিলে লম্বা ছুটিতে যান ত্রিপুরা।
পরে ২০১১ সালের ১৬ জুন রাষ্ট্রপতির কোটায় অতিরিক্ত সচিব হিসেবে ত্রিপুরাকে নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।
১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা ত্রিপুরার জন্ম বান্দরবানে। আাগামী ২৯ ফেব্রুয়ারি তার পিআরএলে যাওয়ার কথা ছিল।
