ঢাকা দক্ষিণে সপ্তাহব্যাপী ‘মশক নিধন’ শুরু
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ‘মশক নিধন’ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন সাত দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় মেয়র সিটি কর্পোরেশনের কর্মীদের জবাবদিহিতার মধ্যে রাখতে নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি বলেন, “আগামী সাতদিন প্রত্যেক অলিতে গলিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা মশক নিধনে কাজ করবেন। যদি কোন কর্মী অনুপস্থিত থাকে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি বিষয়টি দেখব।”
কর্পোরেশন কর্মীদের ‘অনুপস্থিতির কথা’ তার ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭১১৫৬৪৯৮৭) জানানোর অনুরোধ জানিয়ে মেয়র ‘সার্বক্ষণিকভাবে নাগরিকদের পাশে’ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
‘বসন্তের শুরুতে মশার উপদ্রব বেড়ে যায়’ মন্তব্য করে মেয়র বাসার আঙিনায় জমে থাকা ময়লা ‘নিজ দায়িত্বে’ পরিষ্কার করার জন্য নাগরিকদের অনুরোধ করেন।
“প্রত্যেক নাগরিক মেয়রের ভূমিকায় থাকলে শহর বসবাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠানে মেয়র ঢাকা দক্ষিণকে দখলমুক্ত করতে না পারার দায় স্বীকার করেন।
‘গুটিকয় পুলিশ সদস্যের জন্য’ ফুটপাত ও অন্যান্য এলাকা দখলমুক্ত করা যাচ্ছে না বলে মন্তব্যও করেন এ আওয়ামী লীগ নেতা।
“গুটি কয়েক পুলিশ কর্মকর্তার কারণে এই বিষয়টি আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারা এটাতে ইনভলবড। অল্প কিছু পুলিশ কর্মকর্তা সেগুলো বসিয়ে দিচ্ছেন। তাহলে কীভাবে এর সমাধান করব?”
মেয়র ‘মানুষের চলাচল নিশ্চিত করতে’ মেট্রোপলিটন পুলিশের আরও সহযোগিতা চান।
“মেট্রোপলিটন পুলিশের অনেক অর্জন আছে। জঙ্গি দমন বলেন, আইন শৃঙ্খলা বলেন, যথেষ্ট অর্জন আছে। নিরাপত্তা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন মানুষের চলাচল যেন নিশ্চিত করতে পারি সেদিকেও নজর দিতে হবে।”
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দৈনিক সমকাল সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
