পুরোহিত হত্যার নিন্দা যুক্তরাষ্ট্রের
পঞ্চগড়ে হিন্দু পুরোহিত যোগেশ্বর রায় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা এই কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানাই। বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় আছে এমন জনগোষ্ঠীর সদস্যের উপর এই হামলা, যা বাংলাদেশের বৈচিত্র্য ও সৌহার্দ্যের ঐতিহ্যের উপরও আঘাত।”
গত রোববার পঞ্চগড়ের দেবীগঞ্জ সদরে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যোগেশ্বর রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
বাংলাদেশ সরকারের জঙ্গিবাদবিরোধী পদক্ষেপের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, “জঙ্গিবাদের মূল উৎপাটনে বাংলাদেশ সরকারের সংকল্প পরিলক্ষিত হয় সাম্প্রতিককালে এই ধরনের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ঢাকায় সন্ত্রাস-দমন অভিযানের মাধ্যমে, যার ফলে বোমা এবং বোমা তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।”
