২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের চেতনা ধ্বংসে ষড়যন্ত্র এখনও চলছে: মেনন

একুশের চেতনা ধ্বংস করার যড়যন্ত্র এখনও চলছে মন্তব্য করে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

শনিবার রাজধানীর পুরানা পল্টন গার্লস কলেজের এক আলোচনা সভায় তিনি বলেন, “বায়ান্নর পরও পাকিস্তান আমলে ধর্মের নামে একুশকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে। 

“'পরাজিত শক্তিরা বসে নেই, তারা চেষ্টা করে যাচ্ছে। এখনও ধর্মের নামে একুশকে ধ্বংস করতে মুক্তিবুদ্ধির চর্চা ও মুক্তচিন্তার মাধ্যমকে ধ্বংস করা হচ্ছে।”

ভাষা শহীদের স্মরণে নির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন ও ভাষা শহীদসহ সব ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এই আলোচনা সভা হয়।

বিমানমন্ত্রী বলেন, “অতীতের মতো এখনও আমাদের অস্তিত্বের লড়াই চলছে। তাই ঐক্যবদ্ধ থেকে তাদের সব যড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আসুন, একাত্তরের পরাজিত শক্তিকে আবারও পরাজিত করি। তাদের বারবার পরাজিত করি।”

শহীদ মিনার ‘শুধু ইট পাথরের স্থাপনা নয়’ মন্তব্য করে ওয়ার্কাস পার্টির নেতা মেনন বলেন, “এটি আমাদের জাতির অস্তিত্বের প্রতীক, চেতনার প্রতীক।

অতীতে শহীদ মিনার নির্মাণের সময় স্লোগান দেওয়ার কথা স্মরণ করে বর্তমানে তা আর হয় না বলে শহীদ মিনার উদ্বোধনে এসে আক্ষেপ করেন তিনি।

আলোচনা পর্ব শেষে নতুন নির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করে মিনারের বেদীতে ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিমানমন্ত্রী।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইস্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, সমাজসেবক একেএম বরকত উল্লাহ, ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা জামান পপি, কলেজের দাতা সদস্য মনির আহমেদ মনা বক্তব্য রাখেন।