ঢাবির হলে মারামারিতে আহত ছাত্রলীগের ২ কর্মী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের দুদলের মধ্যে মারামারি ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে হল গেইটের এ ঘটনায় আহত তানভীর হাসান আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং তারেক সংগ্রাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
তানভীর হল শাখা ছাত্রলীগের সভাপতি শেখ ইনানের অনুসারী এবং তারেক সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হলের ক্যান্টিন বয়কে নিজ কক্ষে খাবার দিয়ে যেতে বলে তারেক সংগ্রাম। এসময় তানভীর মাহমুদ ক্যান্টিন বয়ের পক্ষ নিয়ে বলে, ‘রুমে কোনো ধরণের খাবার যাবে না’। এ নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটির পর তারা চলে যান।
পরে সন্ধ্যার দিকে তানভীরকে হলের গেইটে পেয়ে তারেকসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী মারধর করে। খবর পেয়ে তানভীরের বন্ধুরা এসে মারামারিতে জড়ায়। এসময় তারেক আহত হয়।
এবিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি শেখ ইনান বলেন, “তারেক সংগ্রাম ও তানভীর মাহমুদ নামে দুই ছাত্রলীগকর্মী আহত হয়েছে।তবে কোনো গ্রুপিংয়ের কারণে নয়, ব্যক্তিগত সমস্যার জের ধরেই এ সংঘর্ষ ঘটে।”
হল শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেনও ‘দুজনের মধ্যে আগের শত্রুতা ছিল’ উল্লেখ করে বলেন, “কী কারণে ঘটনা ঘটেছে পর্যবেক্ষণ করে দেখছি।”
এবিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জেড এম শফিউল আলম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের দুই ছাত্রের মধ্যে মারামারি হয়েছে।
ঘটনা তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
