বিকাশের টাকা ছিনতাই, ধাওয়া দিয়ে গুলিবিদ্ধ ১
রাজধানীর মিরপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা গুলি ছুড়লে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
আহত আল আমিন (২০) মিরপুর ১ নম্বর সেকশনের ই ব্লকের ৬ নম্বর রোডের ‘রোকেয়া ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের কর্মচারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাশের এক এজেন্ট বিভিন্ন এলাকা থেকে টাকা তুলে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
“এ সময় স্থানীয়রা ওই ছিনতাইকারীদের ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আল আমিনের মুখে একটি গুলি লাগে।
“দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়; তার অবস্থা আশঙ্কামুক্ত।”
তবে ওই এজেন্টের কাছে থাকা কত টাকা ছিনতাই হয়েছে তা জানা যায়নি।
