২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার: তারেকের সমন নোটিশের হাল জানাতে নির্দেশ

মুদ্রা পাচার মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের বিষয়টি জানাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে জারি করা সমনের নোটিশ প্রতিপালন হয়েছে কি না- তা ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 10:17 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ২৪ ফেব্রুয়ারি আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় আসবে।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে জজ আদালতের দেওয়া খালাসের বিরুদ্ধে দুর্নীতি দম কমিশনের (দুদক) করা আপিল শুনানির দিন ধার্যে ১২ জানুয়ারি তালিকায় এলে আদালত তার বিরুদ্ধে নতুন করে সমন নোটিশ জারির নির্দেশ দেয়।

আদালত সমনের বিষয়টি জানিয়ে বহুল প্রচারিত একটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলে ১৪ ফেব্রুয়ারি দিন রাখে। এর ধারাবাহিকতায় বুধবার বিষয়টি আদালতে ওঠে। দুদকের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদেশের পর খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সমন বিষয়ে দুটি প্রত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশ জারির আদেশ দিয়েছিল। ১২ জানুয়ারির আদেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জারি করা সমনের নোটিশও পাঠানো হয়; তবে তা প্রতিপালন হয়েছে কি না- সে বিষয়ে প্রতিবেদন আসেনি। এ অবস্থায় আদালত জারি করা ওই নোটিশ প্রতিপালন হয়েছে কি না- তা ২৩ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার দপ্তরকে জানাতে নির্দেশ দিয়েছে।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড।

তারেকের রায়ের বিরুদ্ধে দুদক ওইবছর ৫ ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে গত বছর ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।

ওই আপিল শুনানির জন্য গৃহীত হওয়ার পর গত ৩ জানুয়ারি দুদক দিন ধার্যের আবেদন করে, যা ১২ জানুয়ারি তালিকায় আসে।

সেদিন আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান বলেছিলেন, “আপিলের বিষয়টি জানাতে আদালত তারেকের প্রতি নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও বিধি অনুসারে এই সমন জারির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

“এর আগে ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করে। তখন তার প্রতি সমন দেওয়া হলেও তা জারি না হয়ে ফেরত আসায় আদালত এ আদেশ দেয়।”

মামলাটি দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াই অনুপস্থিত বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। আত্মসমর্পণ করলে তিনি জামিন চাইতে পারবেন।