চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল সংসদে
চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে দেশে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার পৃথক ভাবে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬’ এবং ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন।
পরে বিল দুটি ৩০ দিনে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, চট্টগ্রাম ও রাজশাহী মহানগরীতে বা সরকারের নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হবে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো চিকিৎসা শাস্ত্রে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোনো বিষয়ে শিক্ষা ও গবেষণার ব্যবস্থা করবে। নার্সিং-এ স্নাতক অধ্যয়নের ব্যবস্থাও বিশ্ববিদ্যালয়গুলো করবে।
ফাইল ছবি
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুটি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, দেশের চিকিৎসা শাস্ত্রের মান উন্নয়নে উচ্চশিক্ষা, গবেষণা ও আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সময়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।
