২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মোবারকের উপর ‘হামলাকারী’ ছাত্রলীগকর্মী বহিষ্কৃত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেনকে কুপিয়ে আহতের মামলার প্রধান আসামি ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 08:30 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিককে কুপিয়ে জখম

মোবারকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্তত ৩০ জন সাংবাদিক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে দেখা করলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য বলেন, “প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ফলে এর সাথে আরও যারা জড়িত তাদের খুঁজে বের করা সম্ভব হবে। তখন দোষীদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোবারক সোমবার তার সনদপত্র তুলতে গেলে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং লাঠি-সোঁটা দিয়ে পিটিয়ে জখম করা হয়।

আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ কয়েকজনকে আসামি করে ইতোমধ্যে কোতোয়ালি থানায় মামলা করেছেন এই সাংবাদিক।

মোবারককে রক্ষা করতে গিয়ে বাংলামেইলের স্টাফ রিপোর্টার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ অপুও আহত হন।

মোবারক ও অপুর উপর হামলাকা্রীদের শাস্তির দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মৌন মিছিল ও মানববন্ধন করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন চিহ্নিত একজন সন্ত্রাসীকে সাময়িক বহিষ্কার করেছে। আমাদের দাবি থাকবে, দ্রুত অন্যান্য অপরাধীদের শনাক্ত করে স্থায়ী বহিষ্কার করতে হবে।”

Image
বহিষ্কৃত ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাস

বহিষ্কৃত ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাস

সমিতির সভাপতি হামলায় আহত অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগন্নাথ ছাত্রলীগের সভাপতি শরীফের কর্মী ইমরানের নেতৃত্বে এ হামলা হয়েছে। আর হামলার পর তাকে ধরা হলেও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

“এটিই প্রমাণ করে, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ইন্ধনেই এ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের বিচারের পাশাপাশি এ ঘটনায় ইন্ধনদাতা ও নেপথ্যের হোতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”

উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, “জড়িতদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়, তাহলে তো আর তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারব না।”

এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উভয়েই জগন্নাথ কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ থেকে ২০০৫ সালে এটি বিশ্ববিদ্যালয় হলেও ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিই চলছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।