জাগরণের মঞ্চে রাজীবকে স্মরণ
হত্যার তৃতীয় বার্ষিকীতে আহমেদ রাজীব হায়দারকে স্মরণ করেছে গণজাগরণ মঞ্চ; সহযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের রায় নিয়েও অসন্তোষ জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে নিজের বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণের কর্মী রাজীবকে।
প্রকৌশলী রাজীব একজন ব্লগার ছিলেন। শাহবাগ আন্দোলনের সূচনা ঘটেছিল একদল ব্লগারদের কর্মসূচির মধ্য দিয়ে, যাদের ‘নাস্তিক’ আখ্যায়িত করেছিল ধর্মীয় উগ্রবাদীরা।
ওই আন্দোলনের মুখে যুদ্ধাপরাধের আইন সংশোধন হয়, যার মধ্য দিয়ে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ তৈরি হয়। আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডাদেশ আসে।
গণজাগরণের ‘শহীদ’ রাজীব এবং জাফর মুন্সীকে স্মরণ করে সোমবার বিকালে শাহবাগের জাদুঘরে সামনে আলোক প্রজ্জ্বলন করা হয়।
সেখানে সমাবেশের পর সন্ধ্যায় মঞ্চের ঐক্যবদ্ধতার প্রতীক মুষ্টিবদ্ধ হাতের ফুলেল প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মঞ্চের কর্মীরা।
রাজীব হত্যাকাণ্ডের ন্যায়বিচার হয়নি দাবি করে ইমরান বলেন, “রাজীব হায়দার এবং জাফর মুন্সীর হত্যাকাণ্ডের তিন বছর অতিবাহিত হয়েছে। এ পর্যন্ত দেশব্যাপী অন্তত ২০ জন সহযোদ্ধাকে মঞ্চের আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে।
“রাজীব ন্যায়বিচারের দাবিতে, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে রাজপথে আন্দোলন করেছিল। আমি মনে করি, বিচারের নামে তার সাথে সবচেয়ে বড় প্রহসন হয়েছে।”
গত বছরের ৩১ ডিসেম্বর আদালত রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ছাত্রকে মৃত্যুদণ্ড দিলেও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে কারাদণ্ডের সাজা দিয়েছে, যা নিয়ে অসন্তোষ গণজাগরণ মঞ্চের।
আহমেদ রাজীব হায়দার(ফাইল ছবি)
ইমরান বলেন, “রাজীব হত্যাকাণ্ডের বর্ণনা সাতজন খুনি নিজেরাই দিয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়েছে লঘুদণ্ড। প্রভাবশালী মহলের ইশারায় বিচার বিভাগ এই ন্যক্কারজনক রায় দিয়েছে বলে আমাদের আশঙ্কা।”
সাম্প্রতিক দুটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেখেছি, কীভাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ভেতরে থেকেই একজন প্রসিকিউটর যুদ্ধাপরাধীদের পক্ষে কলকাঠি নেড়েছেন।
“এখনও সরকারি সুযোগ-সুবিধা নেওয়া একজন বিচারপতি কীভাবে অবসরে গিয়েই স্বাধীনতাবিরোধীদের কাছে বিক্রি হয়ে গেছেন।”
সমাবেশে রাজীবের বাবা নাজিম উদ্দিন বলেন, “সন্তানহারা পিতামাতার কষ্ট অনেক বেশি। বেঁচে থাকার চেয়ে মৃত্যু তাদের কাছে বেশি সহজ। যে আদর্শের জন্য রাজীব প্রাণ দিয়েছে সেই আদর্শ থেকে তার সহযোদ্ধারা বিচ্যুত না হয়, মঞ্চের কাছে এই আমার প্রত্যাশা।”
বিচার প্রক্রিয়ার ধীরগতিতে হওয়ার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার আজ খুব ধীর গতিতে চলছে। আবার যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে যারা খুন হয়েছে, তাদের বিচার আরও বেশি ধীরগতিতে চলছে।”
সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, “বিচার প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে কি না, সেই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে।”
