পাঁচতলা থেকে ফেলা নবজাতক ঢাকা মেডিকেলে
রাজধানীর রমনার বেইলি রোডের একটি বহুতল ভবনের পাঁচতলা থেকে মায়ের ‘নিক্ষেপ’ করা নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির বুধবার রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান, হাসপাতালের ভর্তির সময় শিশুটির নাম লেখা হয়েছে ‘বেবি অফ বিউটি’। ঠিকানার জায়গায় লেখা হয়েছে উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
শিশুটির বাঁ পায়ের এক জায়গায় ‘ভেঙেছে’ জানিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসক মো. আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, “শিশুটিকে আশঙ্কামুক্ত বলা যাবে না। তাকে ইনকিউবিটরে রাখা হবে।”
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মনীষা ব্যানাজির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে বলে জানান তিনি।
এই ভবন থেকে ফেলে দেওয়া হয় শিশুটিকে
এরপর তাকে মগবাজারের আদ দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেথানে দুইদিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হল।
শিশুটিকে উদ্ধারের পর বেইলী রোডের ওই বহুতল ভবন থেকে তার ১৭ বছর বয়সী মা বিউটিকে আটক করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এরপর থেকে সেখানেই আছেন বিউটি।
এই কিশোরী পুলিশকে জানিয়েছিল, বড় বোনের স্বামীর কাছে ধর্ষিত হলে তিনি গর্ভধারণ করেন।
শিশুটিকে তার মায়ের হেফাজতে নয়, চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে এসআই হুমায়ূন জানান।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি জানিয়ে রমনা থানার এই কর্মকর্তা বলেন, “শিশুটি সুস্থ হোক, তার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হোক। তারপর মামলা করা হবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করবে।”
