২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ৪৩ শিক্ষার্থী ৭ পরিদর্শক বহিষ্কার

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন বুধবার সারাদেশে ৪৩ শিক্ষার্থী এবং সাত পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

এছাড়া ছয় হাজার ৮৩১ জন পরীক্ষার্থী এদিন অনুপস্থিত ছিল বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএসসির প্রথম দিনের পরীক্ষায় সাত শিক্ষার্থী এবং দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়েছিল। আর অনুপস্থিত ছিল ছয় হাজার ৮২৬ পরীক্ষার্থী।

দুই পরীক্ষা মিলে ৫০ পরীক্ষার্থী ও নয় জন পরিদর্শককে বহিষ্কার করা হল। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭ জনে।

বাংলাদেশের তিন হাজার ১৪৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

বুধবার এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে হাদীস শরীফ, এসএসসি ভোকেশনালে ইংরেজি-২ (১৯২২) ও ইংরেজি-২ (৮১২২) এবং দাখিল ভোকেশনালে ইংরেজি-২ (১৭২২) ও ইংরেজি-২ (৮৫২২) পরীক্ষা হয়েছে।

দ্বিতীয় দিনের পরীক্ষায় নকলের দায়ে কারিগরি বোর্ডে ১৩ জন, মাদ্রাসা বোর্ডে ১১ জন, ঢাকা বোর্ডে সাত জন এবং কুমিল্লা ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া দিনাজপুর বোর্ডে সাতজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।

বুধবারের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৮৪৪ জন, রাজশাহীতে ৩৯৮ জন, কুমিল্লায় ৫০০ জন, যশোরে ৪৪৩ জন, চট্টগ্রামে ২৮৮ জন, সিলেটে ২৫৬, বরিশালে ২৫০ এবং দিনাজপুর বোর্ডে ৩১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই হাজার ৬০২ জন এবং কারিগরি বোর্ডে ৯৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বুধবার সারাদেশে ছয় হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা বোর্ডের দেওয়া অনুপস্থিত পরীক্ষার্থীর হিসাব থেকে ৩৫ জন বেশি।