২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় স্ত্রীকে এসিডে ঝলসে পালিয়েছে স্বামী

রাজধানীর ডেমরায় এক নারীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার সকালে মাতুয়াইলের কোনাপাড়ায় জেসমিন আক্তার (২৬) নামের ওই নারীর মাথায় তার স্বামী আমীর হোসেন এসিড ঢেলে দেয় বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ।    

জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তার মাথা, মুখমণ্ডল, বুক ও দুই হাতসহ শরীরের ১০ ভাগ ঝলসে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক আবু সাইদ।

জেসমিন ওই এলাকায় বাসাবাড়িতে কাজ করেন।

চিকিৎসাধীন জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঝগড়ার এক পর্যায়ে তার মাথায় এসিড ঢেলে দেন আমীর।

“এসিড মেরে সে দ্রুত চলে যায়। পরে লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

আমীর হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে ওসি কাওসার জানান।