২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার ব্যাংক ডাকাতির মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ

ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকে ডাকাতির মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে একদিনেই।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 12:10 AM

Updated : 20 Aug 2022, 11:45 AM

সোমবার বেসরকারি ব্যাংকটির আশুলিয়া শাখার নির্বাহী কর্মকর্তা ফরিদুল হাসানের সাক্ষ্য নেওয়ার পর ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আগামী রোববার পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করেন।

আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, গ্রেপ্তার আসামিরা এদিন আদালতে হাজির ছিলেন।

সাক্ষী হিসাবে জবানবন্দিতে ফরিদুল ডাকাতি, টাকা লুট, গুলি করে হত্যার ঘটনা তুলে ধরেন।

আসামিদের পক্ষ থেকে করা জেরার উত্তরে তিনি স্বীকার করেন, এজহারে তার সাক্ষরের নিচে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তিনি ঘটনার পরপর কোনো নিরাপত্তা বেল বাজাননি এবং থানায় ফোন দেননি।

গত ৭ জানুয়ারি এই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন একই বিচারক।

এই ১১ জন হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা।

তাদের মধ্যে পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্য সবাই জেএমবির সদস্য।

গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে ডাকাত দল।

পুরনো খবর:

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ১১ আসামি অভিযুক্ত
নকশা এঁকে আশুলিয়ায় ব্যাংক ডাকাতি
‘জঙ্গি তহবিল গঠনে’ আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি