সুবিধা বঞ্চিত ও পথশিশুদের জন্য পিঠা উৎসব
সুবিধা বঞ্চিত ও পথশিশুদের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল পিঠা উৎসব।
শুক্রবার বিকালে বৃত্তান্ত ’৭১ নামে একটি সংগঠন এই পিঠা উৎসবের আয়োজন করে, যাতে উদ্যানের আশপাশে থেকে আসা পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত শিশু অংশ নেয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
উৎসবের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “শীতে পিঠা খাওয়া বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য। কিন্তু অনেকেই আছে যাদের পিঠা খাওয়ার সামর্থ্য নেই।
“আজ যারা ভালো অবস্থানে আছি তাদের এসব মানুষের কথা ভাবা উচিত”।
সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা স্মরণ করে শাকিল বলেন, “আজ এই উদ্যানে আয়োজিত এই পিঠা উৎসবে আমি প্রত্যাশা করি, দেশের সরকার এই বঞ্চিত পথশিশুদের জন্য কার্যকরী উদ্যোগ নেবে”।
এসময় সামর্থ্যবানদের সুবিধা বঞ্চিত মানুষ ও পথ শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বা্ন জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
বৃত্তান্ত ’৭১’র নির্বাহী পরিচালক মুহাম্মদ তানভীরের সঞ্চালনায় উৎসবে দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফী, নাট্য ব্যক্তিত্ব কামাল উদ্দিন কবির, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক তন্ময় আহমেদ ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
