বিনিয়োগ সংশ্লিষ্ট সেবার বিকেন্দ্রীকরণ চান অনাবাসী ব্যবসায়ীরা
বিনিয়োগ সংশ্লিষ্ট সেবাগুলোর বিকেন্দ্রীকরণ করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে অনুরোধ জানিয়েছেন অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেলে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এ অনুরোধ জানান। যুক্তরাজ্যের দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহ উর রহমান ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বলেন, তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হতে চান। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসাও করেছেন তারা।
“বিনিয়োগকারীরা যাতে সহজে সেবা পেতে পারেন, সেজন্য বিনিয়োগ সংশ্লিষ্ট সেবাগুলো বিকেন্দ্রীকরণের জন্য রাষ্ট্রপতির কাছে তারা অনুরোধ জানান। বাংলাদেশের পর্যটন, তথ্য-প্রযুক্তি ও ক্যাটারিংসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তারা।”
প্রতিনিধি দলের সদস্যরা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা বৃদ্ধির অনুরোধ করেন বলেও প্রেস সচিব জানান।
“সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা দিতে আন্তরিক। তিনি বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।”
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের বড় বাজার রয়েছে। এখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের মুনাফার সুযোগ রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের আগে নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবীব রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
জয়নাল আবেদীন বলেন, “দায়িত্ব পালনের সময় নৌ বাহিনীর উন্নয়নে ফরিদ হাবীবের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। নৌ বাহিনীর উন্নয়নে নেওয়া কর্মসূচি অব্যাহত থাকবে এবং বহির্বিশ্বে এ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।”
বিদায়ী নৌবাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
