উদীচীর লোক-সাংস্কৃতিক উৎসব শুক্রবার
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর লোক-সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
ওইদিন বিকাল ৩টায় ঢাকার অদূরে নবাবগঞ্জের বক্সনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুক্তিযোদ্ধা মুহম্মদ খসরু।
উৎসব আয়োজনে থাকছে লোকজ বাদ্য ও লোকশিল্পের প্রদর্শনী, লোক-গান, উদীচীর শিল্পীদের নানা পরিবেশনা এবং স্থানীয় লোক শিল্পীদের পরিবেশনায় লোকজ গান, নাচ ও নাটক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “লোক-সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাকাঠামো থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে দূর করা এবং মৌলবাদ-জঙ্গিবাদকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয়ে উদীচী ঢাকা মহানগর সংসদ এ উৎসব আয়োজন করতে যাচ্ছে।
এ উৎসবের মাধ্যমে গ্রাম ও নগরের মানুষের মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে উদীচী মনে করে।
