২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানের দৃশ্য দেখানোয় ৫ টিভিকে আইনি নোটিস

ধূমপানের দৃশ্য দেখানোয় এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, বাংলাভিশন ও মাছরাঙা  টেলিভিশনকে আইনি নোটিস পাঠিয়েছে দুটি সংস্থা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 11:57 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

নোটিসে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসরণ করতে বেসরকারি টেলিভিশনগুলোর কর্তৃপক্ষকে বলা হয়েছে,।

তা নাহলে উচ্চ আদালতের দ্বারস্ত হয়ে ধূমপানের দৃশ্য দেখানোর ফলে সৃষ্ট ক্ষতির সমপরিমাণ খরচ ও ক্ষতিপূরণ দাবি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনভায়রনমেন্ট কাউন্সিল ও উবিনীগ।

তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এই আইনি নোটিস পাঠান বলে রোববার এনভায়রনমেন্ট কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাঁচ টিভি স্টেশনের সঙ্গে তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের কাছেও নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে।

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০০৫ সালের ১১ নং আইন) -এর ৫(১) (ঙ) ধারা অনুসরণ করে অনুষ্ঠান সম্প্রচার করতে টিভি চ্যানেলগুলোকে বলা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

নোটিসে বলা হয়, আইন অনুযায়ী টিভি নাটক এবং টিভিতে প্রচারিত অন্য কোনো অনুষ্ঠানে ধূমপান বা তামাক সেবনের দৃশ্য প্রদর্শন বা বর্ণনা করা নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে টিভি চ্যানেলগুলো ধূমপানের দৃশ্য প্রদর্শন করেছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষ্যে প্রচারিত নাটকগুলো পর্যবেক্ষণ করে ওই ৫ চ্যানেলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।