২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়াতে বিল

দেওয়ানি মামলায় নিম্ন আদালতের আর্থিক এখতিয়ার বাড়াতে  ‘সিভিল কোর্ট সংশোধন বিল ’২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 10:49 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

রোববার আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি আইনে পরিণত হলে হাই কোর্টে বিচারাধীন সর্বোচ্চ ৫ কোটি টাকা মূল্যমানের মামলা যা এখনও শুনানি হয়নি, তা ৯০ দিনের মধ্যে জেলা জজ আদালতে স্থানান্তরিত হবে।

তবে সর্বোচ্চ ৫ কোটি টাকা মূল্যমানের যেসব মামলা হাই কোর্টে আপিল বা আংশিক শুনানির পর্যায়ে আছে, সেগুলো নিম্ন আদালতে স্থানান্তরিত হবে না।

বিলে বলা হয়েছে, দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে সহকারী জজ সর্বোচ্চ ১৫ লাখ টাকা মূল্যমানের, সিনিয়র সহকারী জজ ২৫ লাখ টাকার এবং জেলা জজ ৫ কোটি টাকা মূল্যমানের মামলা গ্রহণ করতে পারবেন।

বিদ্যমান আইনে এসব বিচারকেরা যথাক্রমে ২ লাখ, ৪ লাখ ও ৫ লাখ টাকার মামলা নিতে পারেন। এই আইনটি হয়েছিল ১৮৮৭ সালে।

বিলে আরও বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর জেলা জজ সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে ৯০ দিনের মধ্যে যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন মামলা এখতিয়ার অনুযায়ী উপযুক্ত আদালতে পাঠাবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে আনিসুল হক জানান, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্পত্তির দাম আগের তুলনায় বহুগুণ বেড়েছে। সে তুলনায় দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বাড়ানো হয়নি। এতে বিচারপ্রার্থী জনগণকে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

তিনি বলেন, মামলা দায়েরের ক্ষেত্রে সহকারী জজের আর্থিক এখতিয়ার দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং একই সঙ্গে আপিল মামলা শুনানির ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ার ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা যেতে পারে।