অশ্রু আর ভালোবাসায় সুরকার নূরুল আলমকে বিদায়
শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তি আর সঙ্গীত পিপাসু মানুষ চোখের জলে মেশানো ভালোবাসায় শেষ বিদায় দিলেন তাদের প্রিয় সুরকার খন্দকার নূরুল আলমকে।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শ্রদ্ধা নিবেদন করার জন্য রাখা হলে সেখানে যান শিল্প-সাংস্কৃতিক ব্যক্তি, স্মৃতিচারণ করতে গিয়ে যাদের অনেকেই অশ্রু ধরে রাখতে পারেননি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আয়োজনে অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ রবীন্দ্র সংগীত পরিষদ, বহ্নিশিখা, বাংলার মুখ প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত সুরকারের জন্য সেখানে একটি শোক বইও খোলা হয়।
‘চোখ যে মনের কথা বলে’, ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’, ‘এত সুখ সইব কেমন করে’, আমি চাঁদকে বলেছি আলো দিও’- এমন অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা ও গায়ক খন্দকার নূরুল আলম শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল খন্দকার নূরুল আলমকে। তিনি নিউমোনিয়া ও ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে ভুগছিলেন।
শহীদ মিনারে প্রয়াত সুরকার ও শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা অভিনেতা এটিএম শামসুজ্জামান চোখের জলে করেছেন স্মৃতিচারণ।
“আমি তখন ২৫ বছরের, স্ক্রিপ্ট লেখালেখির সঙ্গে জড়িত, আমার প্রথম ছবি ‘জলছবি’। নায়ক ফারুকের জন্ম ওই ছবিতে। ওই ছবিতে তিনি একটি গান লিখেছিলেন, সুর দিয়েছিলেন.. ‘এক বরষার বৃষ্টিতে ভিজে, দুটি মন কাছে আসলো’।
“পরের স্ক্রিপ্ট ‘জীবন তৃষ্ণা’। যেটাতে তিনি একটা সুর করলেন। ‘এই আঁধার কখনো যাবে না মুছে’-এই গানটি গেয়েছিলেন প্রবীর মিত্র। এই একটা গান দিয়ে প্রবীর মিত্র বিখ্যাত হয়ে গেলেন। রাজ্জাকের প্রথম ছবির সংগীত পরিচালক ছিলেন।”
সঙ্গীতের ভুবন ছেড়ে নিভৃতে চলে যাওয়ার পর প্রায়ই ফোন করে বাসায় যেতে বলতে বলে জানান শক্তিমান এই অভিনেতা।
“মাঝে মাঝেই ফোন করে বলতেন, খোকন একটু এসো। একটু বসে গল্প করি। ভাবি থাকত, বাচ্চারা থাকত। সে যে ঠাণ্ডার অসুখে মারা যাবে, সেটা কল্পনার বাইরে।”
কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার কাছে মানুষেরা একে একে চলে যাচ্ছে। এর আগে কেন আমি চলে গেলাম না? এই মানুষটার কাছে গিয়ে যখন দাঁড়াতাম, বয়সের ভেদ ভুলে যেতাম। তার মত কেউ আবার আসবে কি-না, সন্দেহ আছে।”
তিনি বলেন, “মাটি থেকে যে সুর তিনি পেয়েছেন, সেটাই তিনি গানে প্রয়োগ করেছেন। বিদেশি সুর তাকে তেমন একটা প্রভাবিত করতে পারেনি।
প্রয়াত সুরকারের সৃষ্টি হারিয়ে যাওয়া বিখ্যাত গানগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে হাসান ইমাম বলেন, “আমাদের গানের আর্কাইভিং দুর্বল। তাই তার অনেক গান হারিয়ে গেছে। এরপরও যতগুলো পাওয়া যাওয়া গান সমগ্র হিসাবে প্রকাশ করলে আজকের প্রজন্মও উপকৃত হতো। এই গুনী শিল্পীর কাজ সম্পর্কে জানতে পারত।”
নূরুল আলমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, “দীর্ঘদিন আমরা ইস্কাটনের একটি বাড়িতে আড্ডা দিতাম। রুচিশীল সংস্কৃতি নিয়ে সেখানে আমরা কথা বলতাম। তিনি কম বয়সে যাননি এটা ঠিক, তবে দীর্ঘদিন তিনি কর্মক্ষম ছিলেন না। জাতির জন্য সেটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “আজ শিল্পীরা প্রথম থেকেই জনপ্রিয় হতে চায়, টাকার পেছনে ছোটে। কিন্তু খন্দকার নূরুল আলম ছিলেন ব্যতিক্রম। এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।”
গীতিকার রফিকুজ্জামান প্রয়াত সহশিল্পীর স্মৃতিচারণ করে বলেন, “যার কাছে আমার জীবন সর্বোতভাবে ঋণী, তার সম্পর্কে বলার কিছুই নাই। আমরা কী হারিয়েছি, সেটা অনুভবের শক্তি হয়তো এই প্রজন্মের নেই। তার গানে এত মৌলিকত্ব ছিল, যেটা দুর্লভ।
“একটা গানের কথা পেয়েই তিনি হারমোনিয়াম নিয়ে বসে যেতেন না। ভেতর থেকে সুর আসার অপেক্ষা করতেন। তিনি অনবরত সেটা পড়তেন। কোনো কোনো গানে এক সপ্তাহও তিনি অপেক্ষা করেছিলেন। বেছে বেছে সুর করেছেন। এ কারণে সুর করা গানের সংখ্যা কম। ৬শ-সাড়ে ৬শ গান তিনি সুর করেছেন।”
ওস্তাদ আলাউদ্দিন খানের ভাতিজা সঙ্গীত পরিচালক শেখ সাদী খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “উনিই আমার গুরু। ৭২ সাল থেকে উনার পায়ের কাছে বসার সুযোগ আমার হয়েছে। তার থেকে যা সঞ্চয় পেয়েছি, তা দিয়েই জীবন চলেছি।”
পরিবারের পক্ষ থেকে এই সুরকারের ছেলে আবির খন্দকার বাবার জন্য সবার কাছে দোয়া চান।
গত শতকের ষাটের দশক থেকে গানে গানে সুর বেঁধে আসা খন্দকার নূরুল আলম বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন সংগীত পরিচালক হিসেবেই বেশি পরিচিতি।
অন্তরঙ্গ, যে আগুনে পুড়ি, ওরা এগারো জন, দেবদাস, চন্দ্রনাথ, শাস্তি, বিরাজ বৌ, শঙ্খনীল কারাগারসহ ২৬টিরও বেশি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন তিনি। এ দেশের চলচ্চিত্রে প্লে ব্যাকে আসা অনেক শিল্পীই নূরুল আলমের সুর কণ্ঠে নিয়ে বিখ্যাত হয়েছেন।
