২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার নূরুল আলমের স্মরণীয় গানগুলো

প্রয়াত হলেন সংগীতজ্ঞ খন্দকার নূরুল আলম। আধুনিক ধারার বাংলা গান ও সিনেমার গানে তার অবদান অনেক। বৈচিত্র্যপূর্ণ গানে সুর দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন স্বকণ্ঠের মাধুর্য। অনেক নতুন শিল্পীও পরিচিতি পেয়েছে তার মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

এই সুরকার, শিল্পীর স্মরণীয় কয়েকটি গানের কথা তুলে ধরা হলো:

‘চোখ যে মনের কথা বলে’

“চোখ যে মনের কথা বলে

চোখে চোখ রাখা শুধু নয়

চোখের সে ভাষা বুঝতে হলে

চোখের মত চোখ থাকা চাই।।”

চোখ নিয়ে অপূর্ব এবং শাশ্বত একটি বাংলা গান ক্যারিয়ারের শুরুতেই উপহার দিয়েছিলেন খন্দকার নূরুল আলম। ‘যে আগুনে পুড়ে’ সিনেমার জন্য গানটি শিল্পী নিজেই গেয়েছিলেন, সুরও দিয়েছিলেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

‘আমি চাঁদকে বলেছি আজ রাতে’

"আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে

তুমি ভয় পেয়ো না ভয় পেয়ো না।।

বৃষ্টিকে বলেছি ডেকে

তোমার পায়ের ধ্বনি রাখতে ঢেকে।

আধারকে বলেছি সঙ্গী হতে।

তোমার নিবিড় কালো চুলের সাথে।"

এটি ছিল তার প্রথমদিকের আধুনিক বাংলা গান। ঢাকাকেন্দ্রীক আধুনিক গানের ভাণ্ডারে বৈচিত্র্য যোগ করে গানটি। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের মেধার যথার্থ প্রকাশ ঘটেছে গানটির কথায়। অসাধারণ এবং হৃদয় ছোঁয়া এর সুর এবং কণ্ঠ, সাবলীল অথচ যথার্থ আবেগ প্রকাশিত হয়েছে সুরকার ও শিল্পী খন্দকার নুরুল আলমের কণ্ঠে।

এক বরষার বৃষ্টিতে ভিজে

“এক বরষার বৃষ্টিতে ভিজে

দুটি মন কাছে আসলো

এক সমুদ্র কল্পনা বেয়ে

দুটি মন ভালবাসলো।"

‘জলছবি’ সিনেমার জন্য গাজী মাজহারুল ইসলামের লেখা গানটি গেয়েছিলেন নীলুফার ইয়াসমীন। নীলুফার ইয়াসমীনের কণ্ঠ পুরো মাত্রায় পওয়া যায় গানটিতে।

এ আধার কখনো যাবে না মুছে

“এ আধার কখনো যাবে না মুছে

আমার পৃথিবী থেকে।।

আলোর পথে আর কেউ নেবে না।

আমারে কখনো ডেকে।।”

বিরহের এই গানটি বিষাদ মাখা কণ্ঠে গেয়েছিলেন নিলুফার ইয়াসমিন ও আবদুল জব্বার। গানটির কথা লেখেন কাজী আজিজ আহমেদ। ‘জীবন তৃষ্ণা’ সিনেমার জন্য গানটির সুর দেন খন্দকার নূরুল আলম।

এতো সুখ সইবো কেমন করে

“এতো সুখ সইবো কেমন করে|

বুঝি কান্নাই লেখা ছিল ভাগ্যে আমার

সুখেও কান্না তাই দুচোখ ভরে

এতো সুখ সইবো কেমন করে।

দুঃখের স্রোতে ভাসা ফুল কোনদিন পায়নাতো কূল|

আমি বুঝিবা পথের ভুলে এলাম নতুন কূলে

এ পথ আবার দূরে যাবে কি সরে?|”

চাষী নজরুল ইসলামের সিনেমা ‘শুভদা’র জন্য গানটি প্লেব্যাক করেন নীলুফার ইয়াসমীন। গীতিকার মোহম্মদ রফিকুজ্জামান। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খন্দকার নূরুল আলম।

তুমি এমনই জাল পেতেছো সংসারে

“তুমি এমনই জাল পেতেছো সংসারে

কার বা এমন সাধ্য আছে

এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।

আমার মনের মাঝে বসে যে প্রেম

নিত্য বাজায় বাঁশী।

জগৎ জুড়ে তারই খোঁজে

হলাম পরবাসী।”

একসময় সবার মুখে মুখে ফিরতো এই গানটি। গেয়েছিলেন সুবীর নন্দী। গানটি লেখেন মোহম্মদ রফিকুজ্জামান। ‘শুভদা’ সিনেমায় এই গানটিতে ঠোঁট মেলান রাজ্জাক।

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো

“পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্না বলো

সেই পাহাড়টা বোবা বলে কিছু বলে না

তোমরা কেন বোঝনা যে

কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলেনা।।”

আধুনিক বাংলা ধারার এই গানটিও গান সুবীর নন্দী। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় সুর করেন খন্দকার নুরুল আলম। রাগনির্ভর এই গানটি এখনও মনের ক্লেদ দূর করে অনেক শ্রোতার।

নদীর মাঝি বলে এসো নবীন

“নদীর মাঝি বলে এসো নবীন

মাঠের কবি বলে এসো নবীন

দেখেছি দূরে ঐ সোনালি দিন।।”

প্রথ্যাত সংগীতজ্ঞ আবু হেনা মোস্তফা কামালের লেখা গানটি রুনা লায়লার সুললিত কণ্ঠের জন্যে যথার্থ সুর দিয়েছিলেন খন্দকার নূরুল আলম। এই গানটি আধুনিক বাংলা ধারার গান।