২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতের রাষ্ট্রপতি ভবনে বাঙালি সংস্কৃতির দূত শুভ্রা মুখার্জি’

শুভ্রা মুখার্জি বাঙালি সংস্কৃতির দূত হয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 11:33 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

সোমবার রাজধানীতে ‘শুভ্রা মুখার্জি স্মরণে আলোচনা ও বিশেষ প্রার্থনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুভ্রা মুখার্জি ভারতের ফার্স্টলেডি হিসেবে যখন রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন তখন তার সঙ্গে একটি তানপুরা ও একটি হারমোনিয়াম ছিল। তার মানে তিনি তখনও বাঙালির সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন।

“ভারতের রাষ্ট্রপতি ভবনে তিনি বাঙালি সংস্কৃতির দূত হয়ে প্রবেশ করেন। তিনি একইসঙ্গে রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও চিত্র শিল্পী ছিলেন।”

গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে ‘খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।

হাসান মাহমুদ বলেন, শুভ্রা মুখার্জি ১৯৪০ সালে নড়াইলের এক গ্রামে জন্মগ্রহণ করার পর ১৯৫৫ সালে ভারত চলে গেলেও আমৃত্যু তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের জনগণের সুখ-শান্তির জন্যও তিনি অবদান রেখেছেন।”

এসময় শুভ্রা মুখার্জির শেষ কৃত্যানুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার থাকার স্মৃতিও স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী।

Image
নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের প্রতি বুধবার শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনও তার সঙ্গে ছিলেন। ছবি: আক্তারুজ্জামান/ পিআইডি

নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের প্রতি বুধবার শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনও তার সঙ্গে ছিলেন। ছবি: আক্তারুজ্জামান/ পিআইডি

বিশেষ অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, “আমাদের স্বাধীনতা যুদ্ধে শুভ্রা মুখার্জি অবদান রেখেছেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক অন্য মাত্রায় নেওয়ার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।”

অনুষ্ঠানে শুভ্রা মুখার্জির ছোটভাই কানাই লাল ঘোষ বোনের নানা স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্রনাথ ঘোষ ও মীরা রানী ঘোষের ঘরে জন্ম শুভ্রার। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ভাই-বোনের মধ্যে শুধু কানাই লাল ঘোষ বতর্মানে ভদ্রবিলায় পৈত্রিকভিটায় বসবাস করেন।

ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখার্জি। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে বেড়িয়ে যান শুভ্রা মুখার্জি।

গত বছরের ১৮ অগাস্ট নয়া দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। শ্বাসকষ্টের পাশাপাশি হৃদরোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।