মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে জেনারেল বেলালের সাক্ষাৎ
পাঁচদিনের সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার দক্ষিণ এশিয়ার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের এই সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সফরকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বেলাল মালদ্বীপের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং মো. আদম শরীফ উমর এবং মালদ্বীপের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমেদ শাইয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল বেলাল সাতটি ৩ টনের ট্রাকের চাবি মালদ্বীপের জাতীয় নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন।
সেনাপ্রধান জেনারেল বেলাল ১৫ জানুয়ারি মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন। সফর শেষে আগামী ১৯ জানুয়ারি তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
