দ. কোরিয়ার আরও বিনিয়োগের প্রত্যাশা
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার আকর্ষণীয় সুযোগ দিচ্ছে উল্লেখ করে কোরিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে দেশটির আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল এসেম্বলির ডেপুটি স্পিকার জিয়ং কাব উন রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষাতে রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, তৈরি পোশাক ও সিরামিক পণ্য নিতে পারে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি এসময় দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ৬ শতাংশের কাছাকাছি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখায় সরকারের প্রশংসা করেন জিয়ং কাব উন বলেন, “এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্জন।”
কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা দুই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি।
বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার বলেও উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার ডেপুটি স্পিকার।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
