নৌ ও বিমান প্রধানের পদবি উন্নীত
মন্ত্রিসভায় অনুমোদনের পর নৌ ও বিমানবাহিনী প্রধানের পদবি উন্নীত করেছে সরকার।
নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিবকে ‘ভাইস এডমিরাল’ থেকে ‘এডমিরাল’ এবং বিমানবাহিনী প্রধান আবু এসরারের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার চিফ মার্শাল’ এ উন্নীত হয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন দুই বাহিনীর প্রধানকে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
নতুন র্যাংক ব্যাজ পরে নৌপ্রধান এডমিরাল এম ফরিদ হাবিব নৌসদর দপ্তরে এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
অন্যদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বাহিনীর সদর দপ্তরে গেলে তাকেও বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গত ৭ সপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদন দিয়ে তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন ও র্যাংক নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোও অনুমোদন করা হয়।
ওইদিন মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তিন বাহিনীর প্রধানের বেতন সমান হওয়া সমীচীন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নৌ বাহিনী এবং বিমান বাহিনী প্রধানের র্যাংক আপগ্রেড করা হবে। কাজেই তিন বাহিনীর প্রধানের নির্ধারিত বেতন হবে ৮৬ হাজার টাকা।”
অর্থাৎ, তিন বাহিনীর প্রধানরা এখন থেকে মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিবের সমান বেতন পাবেন।
