Published : 07 Sep 2015, 10:29 PM
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বেতন কাঠামো অনুমোদন করা হয়।
বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোও একই বৈঠকে অনুমোদন পায়।
আগের মতো নতুন কাঠামোতেও ২০ গ্রেডে সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন বিন্যাস সাজানো হয়েছে।
এতে সর্বোচ্চ পদে থাকা একজন চার তারকা জেনারেল মূল বেতন হিসাবে মাসে ৮৬ হাজার এবং সর্বনিম্ন গ্রেডে বেসামরিক দায়িত্বে থাকা একজন অফিস সহকারী ৮ হাজার ২৫০ টাকা পাবেন।
এর সঙ্গে যুক্ত হবে বাড়িভাড়াসহ সশস্ত্রবাহিনীর জন্য প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা।
বেসামরিক কর্মচারীদের মতই সশস্ত্র বাহিনীতে এতদিন সর্বনিম্ন মূল বেতন ছিল ৪ হাজার ১০০ টাকা; আর সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এই হিসেবে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন কাঠামোতে তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন ও র্যাংক নির্ধারণ করেছে সরকার।
এতোদিন সেনা প্রধানের বেতন নির্ধারিত থাকলেও নৌ ও বিমান বাহিনীর প্রধান বেতন পেয়ে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেলের র্যাংকে।
“কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তিন বাহিনীর প্রধানের বেতন সমান হওয়া সমীচীন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নৌ বাহিনী এবং বিমান বাহিনী প্রধানের র্যাংক আপগ্রেড করা হবে। কাজেই তিন বাহিনীর প্রধানের নির্ধারিত বেতন হবে ৮৬ হাজার টাকা।”
অষ্টম বেতন কাঠামোতে দেশের ‘এক নম্বর সিভিলিয়ান’ হিসেবে পরিচিত মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের জন্যও একই বেতন ঠিক করে দেওয়া হয়েছে।
একইভাবে সশস্ত্র বাহিনীর লেফটেনেন্ট জেনালের পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন হবে জ্যেষ্ঠ সচিবদের সমান, অর্থাৎ ৮২ হাজার টাকা, যা আগে ৪২ হাজার টাকা ছিল। পুলিশ বাহিনীর প্রধানও এই গ্রেডে বেতন পান।
আর সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ গ্রেডে সচিব পদমর্যাদায় মেজর জেনারেল ও সমান র্যাংকের কর্মকর্তাদের মাসিক মূল বেতন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সরকারের বেসামরিক কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখেই সশন্ত্র বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।”
নতুন কমিশন পাওয়া একজন সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন নতুন কাঠামোতে হবে মাসে ২২ হাজার টাকা, যা এতোদিন ১১ হাজার টাকা ছিল। বিসিএস দিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া একজন সরকারি কর্মকর্তাও একই অংকে মূল বেতন পাবেন।
এই কাঠামোতে সর্বনিম্ন ধাপে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় কিছু কর্মচারী, যারা সৈনিক নন এবং সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। তারা ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন পাবেন। আর একজন সৈনিকের মূল বেতন হবে ৮ হাজার ৫০০ টাকা।
আট সদস্যের ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি’ যে কাঠামো সুপারিশ করেছিল, তা পর্যালোচনা করেই মন্ত্রিসভা নতুন এই কাঠামো অনুমোদন করেছে।
সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর অন্য বিষয়গুলো প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক করেছে জানিয়ে অর্থ বিভাগ এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।
গ্রেড অনুযায়ী প্রজাতন্ত্রের সামরিক ও বেসামরিক কর্মচারীরা সমান বেতন পেলেও সশস্ত্র বাহিনীর ভাতা ও সুযোগ-সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বেশি।