পোশাক ও রপ্তানি খাতের চক্রান্ত ঠেকিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পোশাক শিল্প ও রপ্তানি খাতে বাধা দেওয়ার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে চক্রান্ত চলছিল তা মোকাবেলা করা গেছে।
রোববার নিজ কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “একটা ঘটনাকে বড় করে দেখানো এবং সেটাকে কেন্দ্র করে আমাদের পোশাক শিল্প ও রপ্তানি খাতে বাধা দেওয়ার নানা রকম প্রচেষ্টা ছিল। এটা শুধু জাতীয় না, আন্তর্জাতিক পর্যায় থেকে এ ধরনের একটা চক্রান্ত হচ্ছিল। যেটা আমরা মোকাবিলা করেছি।
“এখানে ব্যবসায়ীরাও যেমন করেছেন, সরকারের পক্ষ থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়ায় সেটা তারা আর কার্যকর করতে পারে নাই।”
কী ছিল সেই ষড়যন্ত্র- প্রধানমন্ত্রী তা বিশদ করনেনি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে পোশাক খাতের ব্যবসায়ী নেতারাও ষড়যন্ত্রের কথা বলেছেন।
গত বৃহস্পতিবার টিআইবির ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, পোশাক শিল্পের নানা অনিয়ম ধামাচাপা দিতে বাংলাদেশে ‘ঘুষ’ লেনদেন হচ্ছে।
অভিযোগ প্রত্যাখ্যান করে শুক্রবার বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়, দেশের তৈরি পোশাক শিল্পকে অশান্ত করতেই টিআইবির ওই প্রতিবেদন।
টিআইবি’র প্রতিবেদন বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে ‘চলমান দেশি-বিদেশি ষড়যন্ত্রকে’ প্ররোচিত করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ’র পক্ষ থেকে।
২০১২ সালের নভেম্বরে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। এর পাঁচ মাস পর সাভারে রানা প্লাজা ধসে প্রাণ যায় ১১৩০ শ্রমিকের।
এ দুই দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) স্থগিত করা হয়; যদিও দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে ওই সুবিধার বাইরে ছিল।
এরপর সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যাপক সংস্কার কার্যক্রম নেওয়া হয়।
বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে দেশের পোশাক শিল্পের ইতিহাসে ওই বড় দুই দুর্ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কারখানায় নিরাপদ পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তার উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।”
এ সময় কারখানার নিরাপদ পরিবেশের জন্য মালিকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শিল্প যখন হবে, তার পরিবেশ রক্ষা করা, সত্যি কথা বলতে এখন আমাদের গুরু দায়িত্ব।”
এ শিল্পকে আরও উন্নত করতে মুন্সিগঞ্জের গজারিয়ায় পোশাক শিল্প পল্লী স্থাপনের কথা তুলে ধরে তার দ্রুত বাস্তবায়নে মালিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী পোশাক শিল্প মালিকদের বলেন, “আসলে আপনার একুট বেশি কৃপণতা করেন। নিজেরা পয়সা খরচা করতে চান না। এখানেই হচ্ছে সমস্যা।
“জায়গাটাকে পুরোপুরি তৈরি করে দেওয়া হয়েছে। আমি মনে করি, আপনাদের পক্ষ থেকে একটু উদ্যোগ যদি নেন বা কিছু পয়সা খরচা করেন, তাহলে পোশাক পল্লীটা করে ফেলতে পারেন।”
২০০৯ সালে তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিশ্বমন্দার মধ্যে বাংলাদেশের রপ্তানি গত ছয় বছরে প্রায় দ্বিগুণ হওয়ার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
বৈঠকে বিজিএমইএর নতুন সভাপতি ছিদ্দিকুর রহমান গ্যাস সংযোগ বাড়ানো ও ঋণের সুদহার কমানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।
প্রধানমন্ত্রী বলেন, “গ্যাসের উৎপাদন বাড়িয়েছি। কিন্তু চাহিদা বাড়ছে, এতে সন্দেহ নেই।”
তবে বিদ্যুতে সমস্যা নেই বলে জানান তিনি।
ব্যাংক ঋণের সুদহার কমানোর বিষয়ে শেখ হাসিনা বলেন, “ব্যাংকের মালিকও এখানে আছেন। সুতরাং নিজেরাই একটু কমিয়ে-টমিয়ে নেন। আমরা সুদ অনেক কমিয়ে দিয়েছি, আরও কমাতে চেষ্টা করছি।”
প্রধানমন্ত্রী পোশাক শিল্প মালিকদের বলেন, “আপনারাও বেতন বাড়িয়েছেন। বিনিময়ে আমরাও যে একেবারে খালি হাতে ফেরাচ্ছি, তা কিন্তু না। অনেক জায়গায় অনেক কিছু ছাড় আমরা দিয়ে দিয়েছি।
“আপনাদের যে অসুবিধাগুলি আছে, সেগুলো আমরা দেখছি-দেখব।”
পোশাক শিল্পের সমস্যা সমাধানে মালিকদের বেশি চেষ্টা করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, “সরকারের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে, সেদিকে বিশেষ করে দৃষ্টি দেবেন।”
এসময় পোশাকের জন্য নতুন নতুন বাজার খোঁজারও পরামর্শও দেন তিনি।
