বিডিনিউজ টোয়েন্টিফোরের ‘বিপিএল কুইজ পুরস্কার’ প্রদান
বিপিএল নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় ৬০ হাজার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারিতে বিজয়ী চারজনের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
গত ২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বিজয়ীরা হলেন ঢাকার সাদিয়া নুর, গোপালগঞ্জের রাফিউজ্জামান রাফি, ঢাকার মো. রাজু এবং বরিশালের মো. ইউনুস আলী তালুকদার।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিজয়ী ইউনুস আলী তালুকদার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এ ধরনের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারে। মেধার বিকাশ হয়।”
বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ উৎস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের এই আয়োজনে সহ-আয়োজক ছিল নিটল ইলেক্ট্রনিকস।
অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এডিটোরিয়াল পলিসি গাজী নাসিরুদ্দিন আহমেদ, নিটল ইলেক্ট্রনিকসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অরূপ কুমার চাকী, নিটল ইলেক্ট্রনিকসের প্রধান বিপণন কর্মকর্তা আল মনসুর আকলিম আহমেদ উপস্থিত ছিলেন।
