সূত্রাপুরে পুলিশের গুলিতে যুবক আহত
পুরান ঢাকার সূত্রাপুরের লক্ষ্মীবাজারে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন, যাকে সন্ত্রাসী বলছেন পুলিশ কর্মকর্তারা।
পায়ে গুলিবিদ্ধ অজয় শীলকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার কাছে একটি পিস্তল পাওয়া গেছে জানিয়ে সূত্রাপুর থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, “অজয় একজন সন্ত্রাসী। আগে কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীবাজারের পাতলাখান লেনের একটি ভবনের ছাদে কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছিল খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ।
“ওই ভবনের কাছে পুলিশ পৌঁছার আগে সন্ত্রাসীরা ছাদ থেকে রাস্তায় নেমে আসে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে অজয়ের পায়ে একটি গুলি লাগে।”
এ সময় অজয়ের চার সঙ্গী দৌঁড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
