এক বাংলাদেশে সিনেমার ‘লাখো গল্প’
চলচ্চিত্রের গল্প বাংলাদেশে খুঁজতে বিদেশি নির্মাতাদের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসবে ২২ জানুয়ারি পর্যন্ত অর্ধশতাধিক দেশের দেড় শতাধিক চলচ্চিত্র দেখানো হবে, সেই সঙ্গে থাকবে কর্মশালাও।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে চতুর্দশ ঢাকা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠান উদ্বোধন করেন।
শাহরিয়ার আলম উৎসবে অংশ নেওয়া বিদেশি নির্মাতাদের উদ্দেশে বলেন, “আপনারা সব সময় একটা বিষয় বা গল্প খোঁজেন, যেটা আলো ছড়াবে বা হৃদয় স্পর্শ করবে।
“আপনি যদি বাংলাদেশের জন্ম দেখেন, অথবা ১৯৫২ সালে ফিরে যান, যেটাকে আমরা শহীদ দিবস বলি, যেদিনকে সামনে রেখে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, এখানে আপনারা বিচিত্র গল্প পেয়ে যেতে পারেন।”
দুই যুগ আগে বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিত থাকলেও এখন সেই চিত্র বদলে যাওয়ার কথাও বলেন শাহরিয়ার।
“এই দুই-এক লাইনের মধ্যেই আপনারা লাখো গল্প পেতে পারেন। জীবনের সঙ্গে মানুষের যুদ্ধের গল্প পাবেন। এমন গল্পও পাবেন, যেখানে দেখবেন, ভিক্ষুক তার সন্তানকে স্কুলে পাঠাচ্ছে, এমনকি চিকিৎসক প্রকৌশলী, সরকারি কর্মকর্তাও বানাচ্ছে।”
.
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন শাহরিয়ার। বিদেশি চলচ্চিত্র দেখানোর অনুমতি দেওয়া নিয়ে বিতর্কের কথাও আসে তার কথায়।
“ভারতীয় চলচ্চিত্রের প্রচুর চাহিদা। কিন্তু সিনেমা হলে ভারতীয় সিনেমা দেখাতে দিতে আমাদের দ্বিধা রয়েছে। যদিও ঘরের লিভিং রুমেই ভারতীয় সিনেমা দেখা হয়। কিন্তু এরপরও আমাদের মধ্যে একটা বৈসাদৃশ্য কাজ করে এবং বিতর্ক চলমান রয়েছে।”
সমালোচনার মধ্যেও বাংলাদেশে ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে বলে দর্শক হিসেব মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এক্ষেত্রে সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
প্রধান অতিথি হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধ নিয়ে বড় প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মিত না হওয়ায় খেদ প্রকাশ করেন।
“কেবল বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য এই চলচ্চিত্রটা দরকার, যা একটা জাতির জন্ম কীভাবে হয়েছে, তা বলবে। আমি আশা করব, যারা বাংলাদেশের আছেন, তারা এটা নিয়ে ভাববেন এবং এই রকম একটা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেবেন।”
শিল্পে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হিসাবে অপশাসন, জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধে চলচ্চিত্রের গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী।
“বর্তমান বিশ্বের সমস্যাগুলো মোকাবেলায় চলচ্চিত্রের সহায়তা নেওয়া যেতে পারে। রাজনীতিবিদরা যা পারে না, চলচ্চিত্র সেই পরিবর্তনই আনতে পারে।”
জাতীয় জাদুঘর মিলনায়তনে বৃহস্পতিবার চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা।
“রাজনীতিবিদরা যেখানে তোতলায়, সেখানে চলচ্চিত্র স্বচ্ছ দৃষ্টি নিয়ে হাজির হয়। রাজনীতি এবং চলচ্চিত্র-উভয় জায়গায় ভিলেন আছে, কিন্তু চলচ্চিত্রে ভিলেন জিততে পারে না।”
বহু সময় ক্ষমতার কারণে রাজনীতিবিদরা আপস করলেও শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের আপস না করার কথাও বলেন জাসদ সভাপতি ইনু।
বাংলাদেশের রুবাইয়াৎ হোসেন নির্মিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রদর্শনের মধ্য দিয়ে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখানো হবে।
১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ইউল্যাব বি ক্যাম্পাসে কর্মশালায় দেশ-বিদেশের ২৫ জন নবীন চলচ্চিত্র নির্মাতা অংশ নেবেন।
