'স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা': জামিন পাননি ঢাকা মেডিকেল কর্মকর্তা
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক মিজানুর রহমানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান বুধবার তার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে তা নাকচ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান।
এর আগে গত ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার এক আবেদনে ওই চিকিৎসকের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
চিকিৎসক মাহবুবুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তার স্ত্রী তানজিলা জাহান মিথিলাও চিকিৎসক ছিলেন।
গত ১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আবাসিক হোস্টেল থেকে মিজানুর রহমানের স্ত্রী মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন মিথিলার মামা খন্দকার শরিফ উদ্দিন বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করেন।
