দুই দাবিতে প্রধানমন্ত্রীকে বেসিক নার্সদের স্মারকলিপি
বেসিক নার্সদের সরাসরি নিয়োগের বিধি প্রণয়নসহ দুই দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তার কাছে বিবিজিএনএস’র চার সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি তুলে দেন।
প্রতিনিধিদলে ছিলেন-বিবিজিএনএস সাবেক সভাপতি শেখ মো. জহিরুল আলম, সাবেক অর্থ সম্পাদক মনিরা আক্তার সাথী, সহকারী অর্থ সম্পাদক মাহবুবা আক্তার ও সদস্য সাফাত আরা সেতু ।
এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের এক বিক্ষোভ সমাবেশ করেন বেসিক গ্রাজুয়েটের নার্সরা।
সমাবেশে বিবিজিএনএস সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, দেশে ৩৪টি নার্সিং কলেজ থেকে বছরে এক হাজার ৮৮৫ জন নার্স চার বছরের পড়াশুনা শেষে সনদ নিয়ে বের হচ্ছেন; কিন্তু তারা কোথাও কোন নিয়োগ পাচ্ছেন না।
এসব সনদধারী নার্সদের সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিধি প্রণয়ণ ও বাস্তবায়ন এবং ১০ গ্রেডের সব নিয়োগের ক্ষেত্রে চার বছর মেয়াদী বিএসসি-ইন-নাসিং কোর্স সম্পন্নকারীদের রেজিস্ট্রার্ড নার্স হিসেবে অন্তভুক্ত করার দাবি জানায় আন্দোলনকারীরা।
বেসিক নার্সদের সরাসরি নিয়োগের পাশাপাশি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া নার্সিং কর্মকর্তাদের প্রথম শ্রেণিতে উন্নীত করা এবং দ্বিতীয় শ্রেণি অর্থাৎ নবম গ্রেডে পর্যাপ্ত সংখ্যক পদ বৃদ্ধি করে নার্সদের নিয়োগ নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন করেন জানান বিবিজিএনএস সভাপতি রাজীব কুমার বিশ্বাস।
