রাষ্ট্রপতির সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান এডমিরাল আর কে ধাওয়ান।
মঙ্গলবার বিকেলে ভারতের নৌবাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাতের সময় ভারতের নৌবাহিনীর প্রধান ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামে (আইওএনএস) বাংলাদেশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
“বাংলাদেশ-ভারতের নৌবাহিনীর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে আরকে ধাওয়ান বলেন, দুদেশের নৌ কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়ের ফলে দুটি বাহিনীই উপকৃত হচ্ছে।”
দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সফররত ভারতীয় নৌ প্রধান বলেন, এ সম্ভাবনা কাজে লাগানো গেলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন আর কে ধাওয়ান।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ও ভালো বন্ধু। উচ্চ পর্যায়ের সফর বিনিময় এ সম্পর্ককে আরও জোরদার করছে।”
সোমবার ঢাকায় আইওএনএসের সম্মেলনে ভারতের নৌ প্রধানের যোগ দেওয়ায় দুই দেশের নৌ-বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় ভারত-বাংলাদেশের মধ্যে নৌ যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।”
এর আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
জাপানে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ।
জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিনিয়োগের লক্ষ্যে উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
২০২০ সালে জাপানে অনুষ্ঠেয় অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের কর্মীরা যাতে অংশ নিতে পারে সেলক্ষ্যেও ব্যবস্থা নেওয়ার জন্য তার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানি শিক্ষা বৃত্তি বাড়ানোর উদ্যোগ নিতেও বলেন তিনি।
রাবাব ফাতিমা এসময় রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা চান।
