দুর্যোগে নিরাপদ আশ্রয় পাবে মানুষ: প্রধানমন্ত্রী
বরগুনায় সৌদি আরবের অর্থায়নে নির্মিত ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব স্থাপনা শিক্ষার্থীদের কাজে লাগার পাশাপাশি দুর্যোগে এখানে মানুষ নিরাপদ আশ্রয় পাবে।
মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার আমতলীতে এই ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ উদ্বোধন করেন।
সৌদি আরবের সফররত যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলি আল মাদানি আমতলীর স্কুলটিতে উপস্থিত ছিলেন।
কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ‘ফায়েল খায়ের’ কর্মসূচির আওতায় বাংলাদেশে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এ অর্থে ১৩টি জেলায় ১৭৩টি ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ নির্মিত হচ্ছে, যার মধ্যে ৬১টির কাজ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “এ প্রকল্প বাস্তবায়নে একদিকে শিক্ষার্থীদের যেমন সুবিধা হবে, তেমনি দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় পাবে।
“এ প্রকল্প মানুষের কল্যাণে কাজে লাগবে।”
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম মান্নান, ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলি আল মাদানি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মেজবাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন।
