২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জলাতঙ্ক হয়েছে: হাসিনা

দশম সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘জলাতঙ্ক হওয়ায়’ সবাইকে কুকুর দেখেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 07:50 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন তিনি।

“জলাতঙ্ক রোগ হলে নাকি মানুষ চোখে কুকুরের বাচ্চাই দেখে। জলাতঙ্ক হলে সব কুকুর দেখে। ওনাকে কোন কুকুর কামড় দিল?,” বিএনপি নেত্রীকে নিয়ে বলেন শেখ হাসিনা।

বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ভোটে জনগণের অংশগ্রহণ ছিল না দাবি করে সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আসছেন বিএনপি নেতারা।

ওই নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপির জনসভায় খালেদা জিয়া বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ যায়নি। ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়নি। ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিল। ভোট দিলে কুকুরই দিয়েছে, মানুষ ভোট দেয়নি।”

খালেদার বক্তব্য পত্রিকায় দেখেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন,“উনি বলেছেন, ওখানে নাকি পুলিশ ছিল আর কুকুর ছিল। ভোটিং অফিসার ছিল, সাংবাদিক ছিল, ভোটার ছিল। সবাইকে উনি কুকুর হিসেবে দেখলেন। যখন মানুষের জলাতঙ্ক হয় তখন সবাইকে কুকুর দেখে। উনার দৃষ্টিতে সব কুকুর হয়ে গেল।

“কতবড় অডাসিটি, মানবসন্তান ও ভোটারদের কুকুর হিসেবে দেখলেন। এতবড় নোংরা কথা জঘন্য কথা গালি উনার মুখে সাজে।”

ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “মানুষকে পুড়িয়ে মারা আর ভোটারদের কুকুর বলা- এর জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে খালেদা জিয়াকে।”

এ ধরনের কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,“বাংলাদেশের মানুষের কাছে তওবা করেন। বাংলাদেশের মানুষকে যে কুকুর বলেছেন ক্ষমা চান। মানুষ যে পুড়িয়ে মারলেন- এর জন্য তার বিচার হওয়া উচিত।

“মানুষকে এত বড় কথা বলার কী অধিকার তার আছে? আল-বদর,রাজাকার বাহিনীর হয়ে উনি এভাবে কথা বলবেন, বাংলার মানুষ তা বরদাস্ত করবে না।”

একজন রাজনীতিক হিসাবে বিএনপি নেত্রীর ওই বক্তব্যে দুঃখ পেয়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমার খুব খারাপ লাগলো। সাধারণ মানুষের জন্য তো আমাদের রাজনীতি। উনি মানুষকে কুকুর হিসাবে দেখলেন! ভোটারকে কুকুর হিসাবে দেখলেন!

“এটা কোন ধরনের কথা ভোটারকে উনি কুকুর বলবেন? এই যে মানুষরা ভোট দিলো, তারা সবাই কি কুকুর?”

খালেদার ওই বক্তব্য ‘জঘন্য মনোবৃত্তির’ পরিচায়ক- মন্তব্য করে তিনি বলেন, “কত বড় হীনমন্যতায় ভুগলে মানুষকে উনি কুকুর দেখে?”

“কোনো রাজনৈতিক নেতা এভাবে মানুষকে গালি দিতে পারে? আমাকে দিচ্ছে জানি। আমাকে অনেক কিছু বলে বেড়াচ্ছে। আমাকে যা যা বলছে, আমি বলবো, উনি যদি নিজের চেহারা নিজে আয়নায় দেখেন, তাহলে আমাকে যা বলছেন, তা উনি নিজেই দেখতে পাবেন।”

দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ভোটের আগে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচিতে স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন,“এতো কিছুর পরও বাংলাদেশের মানুষ তাদের জ্বালাও-পোড়াও প্রত্যাখ্যান করেছে। প্রায় ৪৩ ভাগ মানুষ ভোট দিয়েছে।”