২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে ৫ লাখ টাকা ‘ছিনতাই’

রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 02:36 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের ‘এফ’ ব্লকে মঈন উদ্দীন নামের ওই ব্যবসায়ীর ওপর হামলা হয় বলে শাহ আলী থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল জানিয়েছেন।

মঈন ডানো গুঁড়োদুধের ডিলার। একই ব্লকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান। ‘সি’ ব্লকে তার বাড়ি। 

পায়ে ও পিঠে গুলিবিদ্ধ মঈনকে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতে নিজের প্রতিষ্ঠান থেকে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন মঈন।

“তার স্বজনরা জানিয়েছে, একটি প্রাইভেটকারে করে আসা কয়েকজন যুবক মঈনকে আটকে পায়ে ও পিঠে গুলি করে তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।”

মঈন সুস্থ হলে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে, বলেন ওসি শাহিন।

এ ঘটনায় কোনো মামলা হয়নি।