২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় গাড়ি রাখতে পুলিশের ব্যবস্থা

দুই পর্বের বিশ্ব ইজতেমা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধায় গাড়ির রাখার জন্য কয়েকটি স্থান নির্দিষ্ট করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 11:46 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষদের গাড়িগুলো রাখার জন্য বিভাগ হিসেবে স্থান নির্দিষ্ট করেছে পুলিশ।

চট্টগ্রাম বিভাগের গাড়ি রাখতে হবে গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত হয়ে গরিবে নেওয়াজ রোড)।

ঢাকা বিভাগের জায়গা সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ী খালপাড় পর্যন্ত। সিলেট বিভাগের জায়গা উত্তরার ১২ নং সেক্টর শাহমখদুম এডিনিউ। খুলনা বিভাগের গাড়ি থাকবে উত্তরার ১৫ ও ১৮ নং সেক্টরের খালি জায়গায়।

রংপুর বিভাগ কামারপাড়া সংলগ্ন মাঠ ও উত্তরার ১০ নং সেক্টরের খালি জায়গায় গাড়ি রাখবে। রাজশাহী বিভাগ প্রত্যাশা হাউজিং এবং বরিশাল বিভাগ ধউর সেতু ক্রসিং সংলগ্ন আশা বিশ্ববিদ্যালয়ের খালি জায়গা এবং ১৫ নং ও ১৮ নং সেক্টরের খালি জায়গা।।

আখেরি মোনাজাতের আগের রাতে আশুলিয়া হতে আগত যানবাহনগুলো ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ড ভ্যানসহ সব প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

কাকলী, মিরপুর হতে আসা যানবাহনকে বিমানবন্দরের দিকে না গিয়ে কুড়িল বিশ্বরোডে ইউটার্ন করে বা ডানে মোড় নিয়ে প্রগতি সরণী দিয়ে চলাচল করতে বলা হয়েছে।

প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন বিশ্বরোড ক্রসিং-এ ইউটার্ন করে বা ফ্লাইওভার দিয়ে কাকলী-মহাখালী রোড দিয়ে চলাচল করবে।

বিদেশগামী বা বিদেশ ফেরৎ যাত্রীদের বিমান বন্দরে আনা-নেওয়ার জন্য দুটি বড় আকারের মাইক্রোবাসের ব্যবস্থা করেছে পুলিশ। এই বাসগুলো নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে ভোর ৬টা থেকে অবস্থান করবে।

ট্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য জ্যেষ্ঠ সহকারী কমিশনার (উত্তরা ট্রাফিক) জিন্নাত আলী মোল্লার সাথে ০১৭১৩৩৯৮৪৯৮ নম্বরে এবং ট্রাফিক পরিদর্শক (উত্তরা ট্রাফিক) মাহফুজার রহমানের সাথে ০১৭১১৩৬৬৫৬১ যোগাযোগ করতে বলা হয়েছে।