সোনা চোরাচালান: বিমানের ‘টেকনিশিয়ান’ সাত্তার রিমান্ডে
সোনা চোরাচালানে জড়িত অভিযোগে রাজধানীর উত্তরায় গ্রেপ্তার বাংলাদেশ বিমানের কর্মচারী আব্দুস সাত্তারকে (৪৫) পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার সাত্তারকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সরোয়ার মহানগর হাকিম আদালতে আবেদন করেন।
শুনানি শেষে হাকিম খুরশীদ আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা এবং তার সঙ্গীদের সন্ধান জানতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচদিন মঞ্জুর করেছেন।”
মাহনগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৩ ডিসেম্বর সাড়ে ১৪ কেজি সোনাসহ চারজনকে আটক করা হয়।
ওই ঘটনায় বিমানবন্দর থানায় আটজনের নামে মামলা হয়। বাংলাদেশ বিমানের টেকনিশিয়ান সাত্তার সেই মামলার আসামি।
