৫ জানুয়ারি: সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন পাল্টাপাল্টি সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা।
‘গণতন্ত্র সুরক্ষা দিবস’ পালনে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে সমাবেশ হয়।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সমিতি ভবনের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ হয়।
পরিষদ আয়োজিত সমাবেশে আইনজীবী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম আমীর উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ূন, নুরুল ইসলাম সুজন এমপি, আবু সাঈদ সাগর ও আজহার উল্লাহ ভূইয়া।
তারা বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে সংবিধান রক্ষার নির্বাচন।ওই নির্বাচনের ফলেই আজ দেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
সমাবেশের পর আইনজীবীরা মিছিল নিয়ে আইনজীবীরা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন।
ফোরাম আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদিন, এম বদরুদ্দোজা বাদল, সানাউল্লাহ মিয়া ও জামিল আক্তার এলাহী।
তারা বলেন, জোর করে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছে। গণতন্ত্র উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে।
সমাবেশের পর মিছিল নিয়ে একদল আইনজীবী নয়া পল্টনে বিএনপির জনসভায় যোগ দেন।
